খুলনায় নাগরিক পরিষদের সংবাদ সম্মেলনে বক্তারা

‘লকডাউনে’ শ্রমিকদের খাদ্য সহায়তা দিতে হবে

আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ০১:৩৩ এএম

রাষ্ট্রায়ত্ত পাটকল চালু, আধুনিকায়ন, বদলি-দৈনিকভিত্তিক শ্রমিকদের বকেয়া পরিশোধ, রমজানে চাল-ডাল-তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য নিয়ন্ত্রণের দাবি জানিয়েছে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ। গতকাল সোমবার বেলা ১১টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

লিখিত বক্তব্যে পরিষদের আহ্বায়ক অ্যাড. কুদরত-ই-খুদা বলেন, ‘২০২০ সালের ২ জুলাই সরকার ২৫টি রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করে দেয়। পাটকল বন্ধের এই নিষ্ঠুর অমানবিক সিদ্ধান্ত স্থায়ী, বদলি ও দৈনিকভিত্তিক প্রায় ৬০ হাজার শ্রমিকের কর্মসংস্থানের ওপর আঘাতে তারা চরম হতাশার শিকার হন। বকেয়া পাওনা প্রদানের ক্ষেত্রেও শ্রমিকরা সরকারের প্রতারণামূলক ফাঁদে পড়ছেন। ১৮ হাজার ২০০ বদলি শ্রমিক ও ৭ হাজার দৈনিকভিত্তিক শ্রমিক এখন পর্যন্ত অর্থ পাননি। সরকার ঘোষিত দ্বিতীয় দফায় লকডাউন চলছে। চলমান এই লকডাউনের সময় সরকারের কাছে পাটকল শ্রমিকসহ শ্রমজীবী মানুষের খাদ্যদ্রব্য ও আর্থিক সহায়তা প্রদান, রমজানে চাল-ডাল-তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর মূল্য নিয়ন্ত্রণ ও রাষ্ট্রায়ত্ত পাটকলের বদলি-দৈনিকভিত্তিক শ্রমিকদের বকেয়া সঠিক হিসাব অনুযায়ী এককালীন পরিশোধ এবং নামের ভুল দ্রুত সংশোধনপূর্বক কয়েক হাজার স্থায়ী পাটকল শ্রমিকের বকেয়া পরিশোধের দাবি করছি।’

তিনি আরও বলেন, ‘পাটকলের সঙ্গে একইভাবে চিনিকল বন্ধ করায় দেশে কর্মহীন মানুষের সংখ্যা কল্পনাতীত বৃদ্ধি পেয়েছে। আমরা ১৪ দফা দাবি আদায়ের জন্য ১০ মাসব্যাপী ধারাবাহিক আন্দোলন চালিয়ে আসছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত