দুই মোটরসাইকেলের সংঘর্ষে এনএসইউ ছাত্রসহ নিহত ২

আপডেট : ১৬ এপ্রিল ২০২১, ০১:৩৩ পিএম

নরসিংদীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ছাত্রসহ দুজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার চরাঞ্চলের নজরপুরে শেখ হাসিনা সেতু সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পৌর শহরের রাঙ্গামাটি এলাকার রফিক মিয়ার ছেলে আরিফ (২০) এবং সাটিরপাড়া এলাকার কামাল আশকারীর ছেলে মুকিত আশকারী (২১)। মুকিত নর্থ সাউথ ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে তারাবিহ নামাজ শেষে দুটি মোটরসাইকেলে করে নজরপুরের সেতু-সংলগ্ন এলাকায় ঘুরতে যান চারজন। একটিতে ছিলেন আরিফুল ইসলাম ও মো. আরিফ এবং অন্যটিতে ছিলেন মুকিত আশকারী ও হাসিব আশকারী।

তারা ওই সেতু এলাকায় আঁকাবাঁকা হয়ে মোটরসাইকেল চালাচ্ছিলেন। এ সময় এক নারী পথচারী রাস্তা পার হতে গিয়ে আরিফের মোটরসাইকেলের সামনে পড়েন।

ওই নারীকে বাঁচাতে গিয়ে অন্য মোটরসাইকেলটির সঙ্গে আরিফের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুই মোটরসাইকেল থেকে দুজন রাস্তায় ছিটকে পড়েন।

আশঙ্কাজনক অবস্থায় তাদের দুজনকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আরিফুলকে মৃত ঘোষণা করেন।

পরে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য মুকিত আশকারীকে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো. মাহমুদুল কবির আরিফ বলেন, ‘আরিফুলকে মৃত অবস্থায় আমাদের হাসপাতালে আনা হয়েছিল। তার মুখমণ্ডল থেঁতলে গিয়েছিল।’

নরসিংদী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান বলেন, দুইটি মোটরসাইকেলই অতিরিক্ত গতিতে চলছিল। সংঘর্ষের পর ঘটনাস্থলেই একজন মারা যান। অপরজন ঢাকায় নেওয়ার পথে মারা যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত