বীর মুক্তিযোদ্ধা শহীদ সার্জেন্ট সামছুল করিম খান সিরাজ ও শহীদ খান মোহাম্মদ সগীরের ৫০তম মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৯ এপ্রিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে এই দিনে পাকিস্তানি সেনাদের হাতে সার্জেন্ট সিরাজ ও সগীর খান শহীদ হন। সার্জেন্ট সিরাজ পাকিস্তান বিমানবাহিনীর একজন দক্ষ সামরিক অফিসার ছিলেন। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বেরুয়া গ্রামে তার বাড়ি।
সার্জেন্ট সিরাজ ও সগীর খান দুই ভাই। ১৯৭১ সালের ১৯ এপ্রিল সগীর খান বড় ভাই সিরাজের খোঁজ নিতে ঢাকার পুরাতন বিমানবন্দর এলাকায় গেলে তাকেও হত্যা করে পাকিস্তানি বাহিনী। দুই ভাইয়ের কারও মরদেহ পাওয়া যায়নি। সার্জেন্ট সিরাজ স্ত্রী, তিন ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। সগীর খান স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। সার্জেন্ট সিরাজের স্মৃতি রক্ষায় তার নিজ গ্রাম বেরুয়ায় শহীদ সার্জেন্ট সিরাজ সংঘ নামে এক সামাজিক সংগঠন রয়েছে। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওই সংগঠনের পক্ষ থেকে পবিত্র কোরআনখানি, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
