কুমিল্লার ৩ বেসরকারি মেডিকেলে হচ্ছে করোনা ইউনিট

আপডেট : ১৮ এপ্রিল ২০২১, ০২:১৭ এএম

করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় কুমিল্লার তিনটি বেসরকারি মেডিকেল কলেজে করোনা ইউনিট চালু হচ্ছে। এর মধ্যে ইস্টার্ন মেডিকেলে ২০টি এবং ময়নামতি মেডিকেল ও সেন্ট্রাল মেডিকেল কলেজে ১০টি করে শয্যা ২১ এপ্রিলের মধ্যে চালু করা হবে।

গতকাল শনিবার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। করোনা প্রতিরোধ কমিটির সভাপতি জেলা প্রশাসক মো. কামরুল হাসানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ (সদর) আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার।

পরে বাহাউদ্দিন বাহার বলেন, ‘কুমিল্লায় ঊর্ধ্বমুখী সংক্রমণ হচ্ছে। এজন্য আক্রান্তদের চিকিৎসার জন্য তিনটি করোনা ইউনিট চালুর সিদ্ধান্ত হয়েছে। সংশ্লিষ্ট মেডিকেল কলেজের পরিচালক ও অধ্যক্ষরা ৪০টি হাইফ্লো ন্যাজাল ক্যানুলা শয্যার মাধ্যমে চিকিৎসাসেবার বিষয়ে সম্মতি দিয়েছেন।’

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোস্তফা কামাল আজাদ, পরিচালক ডা. মো. মহিউদ্দিন, ইস্টার্ন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. কলিম উল্লাহ, চেয়ারম্যান শাহ মো. সেলিম, ময়নামতি মেডিকেল কলেজের অধ্যক্ষ কেএম মান্নান, সেন্ট্রাল মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সফিকুর রহমান পাটোয়ারী, কুমিল্লা ডেপুটি সিভিল সার্জন ডা. শাহদৎ হোসেন, বিএমএর সাধারণ সম্পাদক ডা. আতাউর রহমান জসিম, স্বাচিপ সাধারণ সম্পাদক ডা. মোর্শেদুল আলম প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত