বাঁশখালীতে শ্রমিক হত্যার বিচার দাবিতে ফরিদপুরে বিক্ষোভ

আপডেট : ২০ এপ্রিল ২০২১, ০২:৪৬ এএম

চট্টগ্রামের বাঁশখালীতে বিদ্যুৎ প্রকল্পে কর্মরত শ্রমিকদের বকেয়া বেতন ও বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনরত ৫ শ্রমিককে গুলি করে হত্যা এবং অর্ধশতাধিক শ্রমিককে আহত করার ঘটনার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

গতকাল সোমবার দুপুরে শহরের জনতা ব্যাংকের মোড়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ফরিদপুর জেলা শাখার উদ্যোগে প্রতিবাদ সমাবেশ হয়।

প্রতিবাদ সমাবেশ শেষে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে প্রেস ক্লাবের সামনের মুজিব সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচি চলাকালে বক্তব্য দেন কমিউনিস্ট পার্টির জেলা শাখার সভাপতি রফিকুজ্জামান লায়েক, সাধারণ সম্পাদক অরুণ কুমার শীল, ট্রেড ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান রুহুল আমিন, কৃষক সমিতির সভাপতি অ্যাডভোকেট মানিক মজুমদার প্রমুখ।

বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত