আইসিইউ বেড এসেছে ৩টি সেবা মিলবে দুই মাস পর!

আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ০১:১১ এএম

স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বরাদ্দ তিনটি আইসিইউ বেড চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে গত ১৩ এপ্রিল এসে পৌঁছায়। কিন্তু এখনো এর সুবিধা পাচ্ছেন না রোগীরা। কারণ এ বেড স্থাপন থেকে শুরু করে এগুলো চালু পর্যন্ত পুরো প্রক্রিয়া শেষ করতে আরও দুই থেকে তিন মাস সময় লেগে যাবে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অনেক রোগীরই প্রয়োজন হচ্ছে আইসিইউ সেবার। কিন্তু বেড প্রস্তুত না থাকায় রোগীদের সহসা মিলছে না আইসিইউ সেবা।

শহরের পালপাড়া এলাকার বাসিন্দা অনিক মাহমুদ বলেন, ‘করোনার এ সময়ে আইসিইউর গুরুত্ব অনেক বেশি। অতি দ্রুত যদি আইসিইউ সেবা চালু করা না যায় তাহলে হাসপাতালে আসা অনেক রোগীই বিনা চিকিৎসায় মারা যাবেন।’

হাসপাতালের আরএমও ও করোনাবিষয়ক ফোকাল পারসন সুজাউদ্দৌলা রুবেল বলেন, ‘হাসপাতালে তিনটি আইসিইউ বেড এসেছে। করোনার এ সময়টাতে আইসিইউর চাহিদা অনেক বেশি। প্রাথমিক পর্যায়ে করোনা রোগীদের অগ্রাধিকার ভিত্তিতে আইসিইউ সেবা দেওয়া হবে। পরে করোনার প্রকোপ চলে গেলে অন্যান্য জটিল রোগীও এ সুবিধা পাবেন।’

হাসপাতালের তত্ত্বাবধায়ক হাবিব উল করিম বলেন, ‘আইসিইউ রুম তৈরির জন্য কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে শুরু হয়েছে অক্সিজেন প্ল্যান্টের নির্মাণকাজ।’ তিনি আরও বলেন, ‘আইসিইউ সেবা শুরু করার জন্য আমাদের কিছু সমস্যাও রয়েছে। বিশেষ করে দক্ষ চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর সংকট রয়েছে। বিষয়টি নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি। আইসিইউ পরিচালনার জন্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিয়োগ দিতে হবে। অথবা আমাদের হাসপাতালের চিকিৎসকদেরই ট্রেনিং দিয়ে গড়ে তুলতে হবে।’ সব প্রক্রিয়া শেষ করতে পারলে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে রোগীদের আইসিইউ সেবা দেওয়া সম্ভব বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত