ভয়াবহ করোনা পরিস্থিতি ও রমজানের মধ্যেও সরকারের নিষ্ঠুর আচরণ থেমে নেই বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। তিনি গ্রেপ্তার খেলাফত মজলিশের মহাসচিবের মুক্তি চান।
মির্জা ফখরুল বলেন, বর্তমান অবৈধ সরকার নিজেদের অনৈতিক শাসনকে নিষ্কণ্টক ও দীর্ঘায়িত করার লক্ষ্যে বিরোধী দল এবং ভিন্ন মত, স্বাধীন চিন্তাকে দমন করতে রাজনৈতিক নেতৃবৃন্দকে গ্রেপ্তার করে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এরই ধারাবাহিকতায় ২০ দলীয় জোট নেতা, খেলাফত মজলিশের মহাসচিব ও দেশের বিশিষ্ট আলেম অধ্যাপক ড. আহমদ আবদুল কাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া সারা দেশে বিরোধী দল বিশেষ করে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসহ অন্যান্য রাজনৈতিক দলের অসংখ্য নেতা-কর্মীকে গত এক মাসে অন্যায়ভাবে গ্রেপ্তার ও মিথ্যা মামলায় হয়রানি করা হয়েছে।
তিনি বলেন, দেশ পরিচালনা ও করোনা ভাইরাস মোকাবিলায় সরকারের নিদারুণ ব্যর্থতায় জনজীবনে যে নাভিশ্বাস উঠেছে তা থেকে জনদৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং আন্দোলন-সংগ্রাম দমন করতে সরকার এই অরাজক পরিস্থিতি তৈরি করছে। ভয়াবহ করোনা পরিস্থিতি ও রমজানের মধ্যেও সরকারের নিষ্ঠুর আচরণ থেমে নেই। তারা ফ্যাসিবাদী কায়দায় জন অধিকার কেড়ে নিচ্ছে এবং কল্পকাহিনী রচনা করে বিরোধী দলের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
অবিলম্বে আহমদ আবদুল কাদেরসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের গ্রেপ্তারকৃত নেতা–কর্মীদের মুক্তি ও গ্রেপ্তার অভিযান বন্ধের জোর দাবি জানান মির্জা ফখরুল।
