কিশোরের বিরুদ্ধে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ

আপডেট : ২৬ এপ্রিল ২০২১, ০৩:১৯ পিএম

নাটোরের নলডাঙ্গায় বিস্কুট খাওয়ার অপরাধে আহসান হাবিব (৬) নামে এক শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে আসিফ হোসেন (১৫) নামে এক কিশোরের বিরুদ্ধে।

ওই ঘটনায় আসিফকে আটক করেছে পুলিশ।

রবিবার বিকেলে উপজেলার মহিষডাঙ্গা কারিগর পাড়া গ্রামে হত্যার ঘটনাটি ঘটে।

নিহত আহসান হাবিব ওই গ্রামের লুৎফর রহমানের ছেলে। অভিযুক্ত আসিফ একই গ্রামের নাজির হোসেনের ছেলে। আহসান হাবিব ও আসিফ সম্পর্কে দুইজন আপন চাচাতো ভাই বলে জানা গেছে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, আসিফের চাচাতো ভাই আহসান হাবিব ঘরে গিয়ে কয়েকটি বিস্কুট খেয়ে ফেলে। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে আসিফ। একপর্যায়ে রাগান্বিত হয়ে আহসানকে চড় থাপ্পড় দেয়। উত্তরে আহসান হাবিব উল্টো গালি দেয় আসিফকে। এ সময় আহসান হাবিবের গলা চেপে ধরে আসিফ। এতে আহসান হাবিবের শ্বাস বন্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

বিষয়টি ধামাচাপা দিতে আসিফ সন্ধ্যার দিকে আহসান হাবিবের মরদেহটি একটি ভুট্টাক্ষেতে ফেলে আসে। রাতে সে নিজেই জানায় আহসান হাবিবকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে মাইকিং করে তার সন্ধান করে। একপর্যায়ে আহসান হাবিবের বাবা ওই বাড়িতে গিয়ে সন্তানের স্যান্ডেল দেখতে পান। এ সময় আসিফকে জিজ্ঞাসাবাদ করা হলে হত্যার দায় স্বীকার করে।

তার কথামতো ভুট্টাক্ষেতে গিয়ে আহসান হাবিবের মরদেহ খুঁজে পান স্বজনরা। পরে তারা আসিফকে আটকে রেখে পুলিশে খবর দেন।

পুলিশ খবর পেয়ে রাত ১২টার দিকে ঘটনাস্থল থেকে আহসান হাবিবের মরদেহটি উদ্ধার করে।

সোমবার সকালে তার মরদেহটি ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত