পল্লেকেলেতে শ্রীলঙ্কা-বাংলাদেশ প্রথম টেস্টের উইকেটে বোলারদের জন্য ছিল না কিছুই। দুই দল মিলে পাঁচ দিনে পড়েছে মাত্র ১৭ উইকেট। ‘টিম লিডার’ হিসেবে বাংলাদেশ দলের সঙ্গে থাকা খালেদ মাহমুদ সুজন তাই বোলারদের কাছে দুঃখ প্রকাশ করলেন। একই সঙ্গে দ্বিতীয় টেস্টের উইকেট অন্য রকম হবে বলেই নিজের ধারণার কথা বললেন। তার চাওয়াও আসলে স্পোর্টিং উইকেট।
বিসিবি প্রেরিত ভিডিও বার্তায় সুজন বলছিলেন, ‘আমরা আশা করছি পরের ম্যাচে এর থেকে ভালো উইকেট পাব।’
প্রথম টেস্টের উইকেটটা ছিল ব্যাটসম্যানদের জন্য স্বর্গ। বাংলাদেশ ৭ উইকেটে ৫৪১ রান তুলে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে। এরপর শ্রীলঙ্কা পঞ্চম দিনে গিয়ে ৮ উইকেটে ৬৪৮ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ২ উইকেটে ১০০ রান তোলার পর বৃষ্টি হানা দেয়। পরে দিনের খেলা শেষ ঘোষণা হলে ড্র হয় ম্যাচ।
বৃহস্পতিবার একই ভেন্যুতে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। তার আগে সোমবার প্রথম টেস্টে দলের পারফরম্যান্স মূল্যায়ন করলেন সুজন। আর সেটি করতে গিয়েই বোলারদের প্রতি সমবেদনা তার কণ্ঠে, ‘বোলারদের জন্য খুবই দুঃখিত, দুই দলের বোলারদের জন্যই। এই উইকেটে টেস্ট ম্যাচ জেতানো বোলারদের জন্য খুবই কঠিন। আর আমাদের বোলিং আক্রমণের চেয়ে তো ওদের পেস বোলিং আক্রমণ বেশি অভিজ্ঞ। হয়তোবা আমরা স্পিনারদের দিক থেকে অভিজ্ঞ ছিলাম। কিন্তু পেস বোলারদের দিক দিয়ে ওরা অভিজ্ঞ। ওরাও কিন্তু এখান থেকে উইকেট তুলতে পারেনি।’
যোগ করেন, ‘পুরো পাঁচদিন শেষে আমরা দেখলাম মাত্র ২০ টা উইকেটের মত পড়েছে। আমি বলব যে টেস্ট ক্রিকেটে রেজাল্ট ওরিয়েন্টেড উইকেট এটা না। আমরা আশা করছি পরের ম্যাচে এর থেকে ভালো উইকেট পাব।’
