আরমানিটোলায় আগুন

দগ্ধ স্বামীর মৃত্যু, লাইফ সাপোর্টে স্ত্রী

আপডেট : ৩০ এপ্রিল ২০২১, ০২:০৪ এএম

পুরান ঢাকার আরমানিটোলার হাজী মুসা ম্যানশনে অগ্নিকান্ডের ঘটনায় দগ্ধ নবদম্পতির মধ্যে স্বামী আশিকুজ্জামান খান (৩২) মারা গেছেন। গত বুধবার রাত পৌনে ১১টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে ওই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়াল। এ দিকে আশিকুজ্জামানের স্ত্রী ইশরাত জাহান মুনা (২৮) ওই ইনস্টিটিউটের আইসিইউতে এখনো চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল বলেন, ‘আশিকুজ্জামানের বাহ্যিক কোনো দগ্ধ ছিল না। তবে তার শ্বাসনালি পুড়ে গিয়েছিল। অন্যদিকে তার স্ত্রী মুনা এখনো আইসিইউতে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন।’

আশিকুজ্জামানের বাবা আবুল কাশেম খান জানান, মাত্র এক মাস আগে আশিকুজ্জামান ও মুনার বিয়ে হয়েছে। মুনা জগন্নাথ বিশ্ববিদ্যালয় আর আশিকুজ্জামান বুয়েটের শিক্ষার্থী ছিলেন। ঘটনার দিন রাতে আরমানিটোলায় শ্বশুরের বাসায় (মুনার বাবার বাড়ি) এসেছিল তারা। পরে অগ্নিকান্ডের ঘটনায় আশিকুজ্জামান ও মুনা দু’জনই দগ্ধ হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত