বাঘাবাড়িতে ৫০০ টন ক্লিংকার নিয়ে কার্গো জাহাজ ডুবি

আপডেট : ৩০ এপ্রিল ২০২১, ০৮:১৭ পিএম

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি নৌ-বন্দরের পাশে দেশবন্ধু সিমেন্ট কারখানার জেটি ঘাটে শুক্রবার বেলা ১১টার দিকে সিমেন্ট তৈরির ক্লিংকারবাহী কার্গো জাহাজের (ফারিহা শিপিং লাইনস এম.ভি আফিফা-এম নং-১০৩০৫) তলা ফেটে ভেতরে পানি প্রবেশ করে। এতে ওই জাহাজে থাকা প্রায় ৫০০ টন ক্লিংকার ডুবে যায়। খবর পেয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিস ও বাঘাবাড়ি নৌ ফায়ার সার্ভিস যৌথভাবে ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে কার্গো উদ্ধার করে।

এ বিষয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিস স্টেশনের মাস্টার মঞ্জুরুল আলম জানান, বুধবার জাহাজটি চট্টগ্রাম থেকে ৭০০ টন ক্লিংকার নিয়ে বাঘাবাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। যমুনায় নাব্য সংকটের কারণে বৃহস্পতিবার বিকেলে দৌলদিয়া ঘাটে এসে ২০০ টন ক্লিংকার নামিয়ে রাখে। এরপর ৫০০ টন ক্লিংকার নিয়ে বাঘাবাড়ী নৌ-বন্দও এলাকার পাশে স্বদেশ সিমেন্ট কারখানার জেটি ঘাটে এসে নোঙর করে। শুক্রবার বেলা ১১টার দিকে হঠাৎ জাহাজটির তলা ফেটে ভেতরে পানি প্রবেশ করে। এতে জাহাজে থাকা ক্লিংকারের অধিকাংশই নষ্ট হয়ে যায়।

এ বিষয়ে ওই জাহাজের চালক আবু তাহের জানান, পানির নাব্যতা কম থাকায় জাহাজের তলা ফেটে এ দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

দ্রুত ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এসে ডুবে যাওয়া জাহাজের ভেতর থেকে পাম্প দিয়ে পানি বের করে ফেলায় তা ডুবে যাওয়া থেকে রক্ষা পায়।

এ বিষয়ে স্বদেশ সিমেন্ট ফ্যাক্টরির কারো মন্তব্য পাওয়া যায়নি।

এলাকাবাসীর দাবি সিমেন্ট ফ্যাক্টরির ঘাটে এসে জাহাজের তলা ফেটে দুর্ঘটনা রহস্যজনক। তারা এ বিষয়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জোর দাবি জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত