করোনা মহামারী পরিস্থিতিতে শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
মহান মে দিবস উপলক্ষে শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের এক সমাবেশে তিনি এই দাবি জানান।
নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা শ্রমিকদের জন্য রেশনিংয়ের দাবি করেছিলাম। এটা নতুন কোনো দাবি নয়, ব্রিটিশ আমল থেকে আছে। আমরা নিজেরা যেসব কারখানায় চাকরি করেছি, সেসব কারখানায় রেশনিং শপ ছিল, ন্যায্যমূল্যে ক্রয়ের দোকান ছিল।’
তিনি বলেন, ‘সবসময় যদি নাও হয়, করোনার মতো দুর্যোগকালে শ্রমজীবী মানুষের জন্য রেশনিং ও ন্যায্যমূল্যের দোকান করা উচিত, যাতে করে তারা তাদের সীমিত আয়ের মধ্যে পরিবার-পরিজন নিয়ে জীবনযাপন করতে পারে।’
বিএনপির এই নেতা বলেন, সম্প্রতি ব্যাংকগুলো করোনায় মারা যাওয়া কর্মকর্তা-কর্মচারীদের জন্য একটা পরিমাণ নির্দিষ্ট করেছে যে, তারা ক্ষতিপূরণ পাবেন। ... শ্রমজীবী মানুষের জন্য একই নিয়ম হবে না কেন? কেন সাংবাদিক বন্ধুদের জন্য একই নিয়ম হবে না? কেন আমার পুলিশ ভাইদের জন্য একই নিয়ম হবে না?’
এ সময় শ্রমিকদের ৮ ঘণ্টার কাজের স্বীকৃতি দেওয়া, তাদের ট্রেড ইউনিয়নের অধিকারের নিশ্চয়তার পাশাপাশি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিও জানান তিনি।
শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে এবং প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, শ্রমবিষয়ক সহ-সম্পাদক ফিরোজ-উজ-জামান মোল্লা প্রমুখ বক্তব্য দেন।
পরে শ্রমিক দলের নেতাকর্মীরা শোভাযাত্রাসহ শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের সমাবেশে অংশ নেন।
