অক্সিজেনের অভাবে দিল্লির হাসপাতালে চিকিৎসকসহ ৮ জনের মৃত্যু

আপডেট : ০১ মে ২০২১, ০৬:১২ পিএম

ভারতের রাজধানী দিল্লির একটি হাসপাতালে অক্সিজেন শেষ হয়ে যাওয়ার ফলে আটজন করোনা রোগীর মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরের এ ঘটনায় মৃতদের একজন ওই হাসপাতালেরই সিনিয়র চিকিৎসক।

বিবিসি জানায়, মৃতদের মধ্যে ছয়জন ছিলেন আইসিইউতে আর দুজন ওয়ার্ডে।

বাত্রা হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, শনিবার সকাল থেকেই তারা আশঙ্কা করছিলেন যে, দুপুরের মধ্যেই অক্সিজেন হয়তো শেষ হয়ে যাবে। বারবার তারা সরকারের নোডাল অফিসারদের জানাতে থাকেন, কিন্তু অক্সিজেন ট্যাংকার পৌঁছায়নি।

দিল্লি হাইকোর্টে হাসপাতালগুলোতে অক্সিজেন সরবরাহ নিয়ে একটি মামলার শুনানি চলছে। সেখানেই হাসপাতাল কর্তৃপক্ষ তাদের জরুরি পরিস্থিতির কথা জানান।

হাসপাতালের আশঙ্কা মতোই দুপুরেই অক্সিজেন সম্পূর্ণ শেষ হয়ে যায়। প্রায় ৮০ মিনিট ধরে আইসিইউ এবং ভেন্টিলেটরে থাকা রোগীরা বিনা অক্সিজেনে ছিলেন।

একে একে যখন আটজন মারা যান, তার পরে বেলা দেড়টা নাগাদ অক্সিজেন ট্যাংকার পৌঁছায় হাসপাতালে।

এর আগে দিল্লিরই আরেকটি হাসপাতালে অক্সিজেনের অভাবে ২৫ জন রোগীর মৃত্যু হয়।

ভারতে করোনা মহামারী পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। দেশটির স্বাস্থ্য ব্যবস্থা দৃশ্যত ভেঙে পড়েছে। অক্সিজেনের অভাবে বহু রোগীর মৃত্যু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত