নাটকীয়তার অবসান, মমতাকে হারিয়ে নন্দীগ্রামে জিতলেন শুভেন্দু

আপডেট : ০২ মে ২০২১, ১০:২৩ পিএম

অবশেষে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভার নির্বাচনে নন্দীগ্রাম আসনের জয়-পরাজয় নিয়ে নাটকীয়তার অবসান হলো।

নন্দীগ্রাম আসনে তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীকে বিজয়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন জানায়, নন্দীগ্রাম আসনে এক লাখ ৯ হাজার ৬৭৩ ভোট পেয়েছেন শুভেন্দু। আর মমতা পেয়েছেন এক লাখ ৭ হাজার ৯৩৭ ভোট।

নির্বাচনে সবার নজর ছিল নন্দীগ্রামের দিকে। তৃণমূলের জমি আন্দোলনের ভিত্তিভূমি নন্দীগ্রামের সঙ্গে জড়িয়ে তেভাগা আন্দোলনের ইতিহাসও। এই আসনের রাজনৈতিক যুদ্ধ প্রথম থেকেই পশ্চিমবঙ্গ বিধানসভার ভোটযুদ্ধে উত্তাপ ছড়িয়েছে।

রবিবার রাজ্যের ২৯২টি আসনে পর পর ফল প্রকাশিত হলেও, নন্দীগ্রাম ঘিরে দুপুর থেকেই বিভ্রান্তি তৈরি হয়।

ভোট গণনা শেষে এই আসনে তৃণমূল নেত্রী ও বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের খবর আসে। পরে জানা যায়, মমতা নয়, জিতেছেন বিজেপির নেতা ও এক সময়ের মমতার সহযোগী শুভেন্দু অধিকারী।

এর আগে এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া ও আনন্দবাজার পত্রিকাসহ ভারতীয় সংবাদমাধ্যমগুলো নন্দীগ্রামে মমতার জয়ের কথা জানিয়েছিল।

পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, ১৭ রাউন্ড ভোট গণনার পর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে জয়ী হয়েছেন। কিন্তু সন্ধ্যা গড়াতে মমতার জয় নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। বলা হয়, সার্ভারে সমস্যার জেরে সঠিক ভাবে কিছু জানা যাচ্ছে না। তার পরেই ১৬২২ ভোটে শুভেন্দু অধিকারীর জয়ের খবর আসে।

এর ঘণ্টাখানেক পর নন্দীগ্রামে ফল ঘোষণা স্থগিতের খবর দেয় আনন্দবাজার। রাজ্যের প্রধান নির্বাচন কর্মকর্তার বরাত দিয়ে পত্রিকাটি বলেছে, নন্দীগ্রামে নতুন করে ভোট গণনা হতে পারে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন রিটার্নিং কর্মকর্তা। তবে আপাতত ফল ঘোষণা স্থগিত থাকবে। এরপর নতুন করে ভোটের ফল ঘোষণা করে কমিশন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত