স্পিডবোট দুর্ঘটনা: চালক-মালিকসহ চারজনের বিরুদ্ধে মামলা

আপডেট : ০৪ মে ২০২১, ১১:০৯ এএম

মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ী নৌ ঘাটে বাল্কহেডের সাথে স্পিডবোটের সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার সকালে চালকসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে শিবচর থানায়।

কাঁঠালবাড়ী নৌপুলিশ ফাঁড়ির এসআই লোকমান হোসেন বাদী হয়ে বোটের চালক শাহালম, মালিক চান্দু ও রেজাউল এবং স্পিডবোট ঘাটের ইজারাদার শাহ আলম খানসহ আরও কয়েকজনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়।

নৌ পুলিশের ওসি আব্দুর রাজ্জাক মঙ্গলবার সকালে এ তথ্য জানিয়েছেন।

এদিকে শিবচর থানা সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় আহত চালক শাহালমকে প্রথমে শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গতকাল সন্ধ্যায় অবস্থার অবনতি ঘটলে পুলিশ প্রহরায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মাদারীপুর পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, আমরা মামলা নিয়েছি, একজন আটক রয়েছে আর বাকিদের আইনের আওতায় আনা হবে।’

উল্লেখ্য, মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে সোমবার সকাল পৌনে ৭টায় ৩১জন যাত্রী নিয়ে স্পিডবোটটি ছেড়ে আসে।

এ সময় মাদারীপুর কাঁঠালবাড়ী বাংলাবাজার পুরোনো ঘাটে থেমে থাকা বালুবোঝাই একটি বাল্কহেডে ধাক্কা দিয়ে ডুবে যায় স্পিডবোটটি।

এ সময় সব যাত্রী পানিতে পড়ে যায়। পরে নদী থেকে একে একে ২৪টি লাশ উদ্ধার করা হয়। ৬ জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়।

এতে তিন শিশু ও দুই নারীসহ ২৬ জনের মৃত্যু হয়। স্থানীয় ও ফায়ার সার্ভিস কর্মীরা এ উদ্ধার কাজ পরিচালনা করেছেন।

অন্যদিকে মাদারীপুর জেলা প্রশাসন স্থানীয় সরকার উপ-পরিচালকে মো. আজাহারুল ইসলামকে আহ্বায়ক করে ৬ সদস্যের একটি কমিটি করা হয়েছে এবং আগামী ৩দিনের মধ্যে রিপোর্ট দেয়ার জন্য বলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত