ভারতের উত্তরাখণ্ডের হাসপাতালে একসঙ্গে পাঁচ কভিড রোগীর মৃত্যু হয়েছে। অক্সিজেন সরবরাহ ব্যাহত হওয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ।
ইন্ডিয়া টুডে জানিয়েছে, মৃতদের মধ্য রয়েছেন এক জন নারী। অক্সিজেন পরিষেবায় ব্যাঘাত ঘটায় প্রায় আধঘণ্টা কভিড ওয়ার্ডে অক্সিজেন ছাড়াই পড়ে থাকতে হয়েছিল রোগীদের। তাতেই এই ঘটনা ঘটেছে।
বুধবার ভোরে হরিদ্বার জেলার রুরকির একটি বেসরকারি হাসপাতালে এই ঘটনা ঘটেছে। হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, আচমকাই অক্সিজেন সরবরাহে ব্যাঘাত ঘটে। তার জেরে রাত দেড়টা থেকে দুইটা পর্যন্ত, প্রায় আধ ঘণ্টা অক্সিজেন পাননি রোগীরা।
যে পাঁচ জন মারা গেছেন, তাদের মধ্যে ১ জন ভেন্টিলেটরে ছিলেন। বাকিরা ছিলেন অক্সিজেন বেডে।
এই ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন হরিদ্বারের জেলাশাসক সি রবিশঙ্কর। হাসপাতালের অডিট টিমও নিজেদের মতো করে তদন্ত শুরু করেছে। হাসপাতালে অক্সিজেনের চাহিদা কত, সেই তুলনায় সরবরাহ কত, তা নিয়ে রিপোর্ট তৈরি করা হচ্ছে।
ঘটনাটি এমন সময় ঘটল, যখন এলাহাবাদ হাইকোর্ট বলছে, অক্সিজেনের অভাবে হাসপাতালে কোনো করোনা আক্রান্ত রোগীর মৃত্যু অপরাধমূলক ঘটনার মধ্যে। শুধু তাই নয়, এই ধরনের ঘটনা গণহত্যা থেকে কম নয় বলেও জানিয়েছে আদালত।
বুধবার বিচারপতি সিদ্ধার্থ বর্মা ও বিচারপতি অজিত কুমারের ডিভিশন বেঞ্চ এসব কথা বলেন।
