মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের বাড়ির বাইরে গত বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে তিনি গুরুতর আহত হয়েছেন। গতকাল আহত নাশিদের শরীরের একাধিক স্থানে অস্ত্রোপচার করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে দায়িত্বরত ডাক্তারদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে আলজাজিরা।
নাশিদ বৃহস্পতিবার বাড়ি থেকে বের হয়ে গেটের কাছে রাখা নিজের গাড়িতে ওঠার সময়ই হামলাটি চালানো হয়। বলা হচ্ছে, গেটের কাছে রাখা একটি মোটরবাইকের সঙ্গে বোমাটি বাঁধা ছিল। ঘটনার পরই আহত নাশিদকে এডিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল কর্র্তৃপক্ষ এক টুইটবার্তায় জানায়, ‘গত ১৬ ঘণ্টা ধরে তাকে বাঁচাতে একাধিক অস্ত্রোপচার করা হয়েছে।
তার মাথা, বুক, তলপেট ও পায়ে মারাত্মক আঘাত লেগেছে। এখনো তার অবস্থা আশঙ্কাজনক।’ নাশিদের ভাই নাজিম সাত্তার গতকাল এক টুইটে বলেন, ‘তারা (ডাক্তাররা) অস্ত্রোপচার শেষ করেছেন এবং তার সেরে উঠতে অনেকটা সময় লাগবে।’
নাশিদের ওপর হামলার দায় এখনো কেউ বা কোনো পক্ষ স্বীকার করেনি। তিনি বর্তমানে মালদ্বীপের পার্লামেন্টের স্পিকার। পুলিশের বিবৃতিতে বলা হয়, বিস্ফোরণে পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ নাশিদ আহত হয়েছেন।
