কথা ছিল ঈদে মুক্তি পাবে সাদেক সিদ্দিকী পরিচালিত ‘ডাইরেক্ট অ্যাটাক’ ছবি। কিন্তু নানা কারণে ছবিটি ঈদে মুক্তি পাচ্ছে না। দেশ রূপান্তরকে সাদেক সিদ্দিকী বলেন, ‘ইচ্ছে ছিল তো ঈদে মুক্তি দিবো। কিন্তু তা তো হচ্ছে না। এখন চিন্তা করছি, ঈদের পর আগামী আঠারো জুন ছবিটি মুক্তি দিবো।’
শুরুতে ছবিটির নাম ‘সাহসী যোদ্ধা’ থাকলেও পরে নাম পরিবর্তন করে করা হয় ‘ডাইরেক্ট অ্যাটাক’। এই ছবিতে পপির বিপরীতে অভিনয় করেছেন আমিন খান। এ ছাড়াও রয়েছেন ইমন, শিরিন শিলাসহ আরও অনেকে।
পরিচালক বলেন, ‘২০১৯ সালে ছবিটির কাজ শুরু করেছিলাম। দুই আড়াই মাস লেগেছিল। করোনার আগেই সিনেমাটির কাজ শেষ করেছি। তারপর থেকে তো অপেক্ষা করছি। এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয়।’
সিনেমার গল্প নিয়ে সাদেক সিদ্দিকী বলেন, ‘গল্পটা ঠিক নারীকেন্দ্রিক নয়, তবে এই ছবিতে তিনজন নারী রয়েছেন। পপি পুলিশ অফিসার, শিরিন শিলা কাস্টমস অফিসার। অন্য বোনটা কলেজ পড়ুয়া। আমিন খানের সঙ্গে প্রেম করে বিয়ে করে পপি। কিন্তু বাসররাতে আমিন পপিকে বলে তাকে পুলিশের চাকরি ছেড়ে দিতে হবে। কিন্তু পপি রাজি হয় না, সে বাসর ঘর থেকে বেরিয়ে চলে আসে নিজ বাসায়। এ রকম নানা রকম মোচড় আছে গল্পে।’
সিনেমাটি কেন দেখবে দর্শক? এমন প্রশ্নের জবাবে সাদেক সিদ্দিকী বলেন, ‘এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো অ্যাকশন ছবিতে কাজ করতে যাচ্ছে, ইমন ও শিরিন শিলা। গল্পেও অভিনবত্ব আছে। বাসরঘর থেকে নায়িকার বেরিয়ে যাওয়ার মতো গল্প আমার ৫০ বছরে আগে কখনো দেখি নাই। অনেক সুন্দর সুন্দর গান দেখতে পাবে দর্শক। ক্যামেরা ও ফটোগ্রাফির কাজও অনেক সুন্দর হয়েছে। ফাইট ডিরেক্টর আরমান নতুন ধরনের ফাইট উপহার দিয়েছেন।’
তিনি আরও জানান, ‘সাভারের আমিন বাজার, মধুমতি টাউন, নরসিংদী, যমুনা ফিউচার পার্ক-সহ নানা জায়গায় শুটিং হয়েছে। এর বাইরে এফডিসিতে সেট ফেলেও শুটিং করেছি। আইটেম গানে প্রায় ৭ লাখ টাকার মতো খরচ হয়েছে।’
সিনেমার মুখ্য চরিত্রে পপিকে নেওয়ার কারণ জানতে চাইলে সাদেক সিদ্দিকী বলেন, ‘পপিকে নেওয়ার পেছনের কারণ হচ্ছে, এই ধরনের অ্যাকশন ধর্মী চরিত্রে পপিকে নিয়ে নতুন একটা এক্সপেরিমেন্ট করা। করেছি। পপি এর আগে এ রকম চরিত্রে কাজ করে নাই।’
