বাগেরহাটে মরণব্যাধি করোনাভাইরাস থেকে মুক্তি কামনায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় ঈদুল ফিতর পালিত হচ্ছে।
স্বাস্থ্যবিধি মেনে বাগেরহাটের ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন মুসল্লিরা।
শুক্রবার সকাল সাড়ে সাতটায় বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
এই মসজিদে বাগেরহাটের জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হক, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন।
এছাড়াও জেলার সকল মসজিদে ঈদের নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
নামাজ আদায় করতে আসা মুসল্লিদের জন্য কর্তৃপক্ষ মসজিদের প্রবেশপথে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্কের ব্যবস্থা রাখে স্থানীয় প্রশাসন।
মুসল্লিরা মুখে মাস্ক পরে শারীরিক দূরত্ব বজায় রেখে কাতারে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে সারিবদ্ধভাবে মসজিদ থেকে বেরিয়ে যাওয়ার সময় মুসল্লিরা একে অপরের সাথে মুখে কুশলাদি বিনিময় করলেও যুগযুগ ধরে চলে আসা ভ্রাতৃত্বের বন্ধন কোলাকুলি কেউ করেননি।
নামাজ আদায় শেষে বাগেরহাটের জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হক সাংবাদিকদের বলেন, বর্তমানে করোনাভাইরাসের অতিমারি চলছে। স্বাস্থ্যবিধি মেনে ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেছেন। অতিমারীর কারণে এই মসজিদে একাধিক জামাতের আয়োজন রাখা হয়েছে। আল্লাহর কাছে মুসলিম উম্মা ও দেশবাসীর জন্য করোনাভাইরাসের অতিমারী থেকে মুক্তির দোয়া করেছি।
