রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, করোনাকালে জীবনের ঝুঁকি নিয়ে সাংবাদিক সমাজ যেভাবে তাদের পেশাগত দায়িত্ব পালন করেছে দেশের মানুষ তা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। করোনা মোকাবিলায় সাংবাদিকরা সরকারকে সহযোগিতা করেছে।
তিনি সোমবার রাতে পঞ্চগড় জেলার বোদা উপজেলার মহাজনপাড়ায় নিজ বাসভবন পঞ্চগড়ের গণমাধ্যমকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, করোনার টিকা নিয়ে শুরুতে বিএনপি বিভ্রান্তি ছড়িয়েছে। কিন্তু পরে বিএনপি নেতারাও টিকা গ্রহণ করেছেন।
তিনি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড লেখনির মাধ্যমে সাধারণ মানুষের কাছে তুলে ধরতে এবং সরকারকে সহযোগিতায় গঠনমূলক সমালোচনা করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
মন্ত্রী পঞ্চগড় প্রেস ক্লাবের বহুতল ভবন নির্মাণের অগ্রগতি জানতে চান। তিনি দ্রুত প্রাক্কলন তৈরি করে নির্মাণকাজ শুরু করার পরামর্শ দেন।
এ সময় বোদা পৌরসভা মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা, পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি সফিকুল আলম, সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, বোদা প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম, বিটিভির সাংবাদিক আমির খসরু লাবলু, জ্যেষ্ঠ সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, সামসউদ্দিন চৌধুরী কালাম, সাজ্জাদুর রহমান সাজ্জাদসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
