বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ের ক্যাম্পে থাকা মিডফিল্ডার মোহাম্মদ ইব্রাহিম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় ফুটবল দলের ম্যানেজার ইকবাল হোসেন।
‘ক্যাম্পে থাকা ৩২ জন খেলোয়াড়ের মধ্যে কেবল ইব্রাহিমের রিপোর্ট পজিটিভ এসেছে। ওকে আইসোলেশনে রাখা হয়েছে।’- বলেন ইকবাল হোসেন।
টিম হোটেলে ইব্রাহিমের রুমমেট ছিলেন মিডফিল্ডার সোহেল রানা। এই দুজনেরই আবারো করোনা পরীক্ষা করানো হবে বলে জানিয়েছেন ইকবাল হোসেন।
ঈদের বিরতির পর ইতিমধ্যে দুই দিন অনুশীলন সেরেছে বাংলাদেশ। দুই দিন আগে করা খেলোয়াড়দের করোনাভাইরাস পরীক্ষার ফল এসেছে মঙ্গলবার! সেখানে পজিটিভ ফল এসেছে ইব্রাহিমের।
বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ে বাংলাদেশের বাকি রয়েছে তিনটি ম্যাচ। সূচি অনুযায়ী ৩ জুন আফগানিস্তান, ৭ জুন ভারত এবং ১৫ জুন ওমানের বিপক্ষে খেলার কথা জামাল ভূঁইয়াদের। সবগুলো ম্যাচই হবে কাতারে।
