টাঙ্গাইলে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

আপডেট : ১৯ মে ২০২১, ০১:২৯ পিএম

টাঙ্গাইলে দুটি  সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাব ঠিকাদারসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

বুধবার সকাল ৯টায় সদর উপজেলার আশেকপুর বাইপাসের ইন্দুটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভূঞাপুর উপজেলার রামপুর গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে খন্দকার আফজার হোসেন (৩৮) ও অপরজনের নাম পরিচয় পাওয়া যায়নি।

আহতরা হলেন- ভূঞাপুর উপজেলার রামপুর গ্রামের সূর্যক্রান্তির ছেলে লক্ষণ (৩৫), জীবন (৩৫), মধুপুর উপজেলার বেরীবাইদ গ্রামের সামাদ মিয়ার ছেলে জুলহাস (৩২) ও কুড়িগ্রামের চিলমারী এলাকার ওয়াহেদ (৪৫)।

পুলিশ জানায়, মহাসড়কের পাশ থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে টাঙ্গাইল শহরের দিকে আসার সময় আশেকপুর এলাকায় পৌঁছালে এক মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে আরেক অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। পরে আহত অবস্থায় চারজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ মো. নবীন বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত