সিদ্ধিরগঞ্জে পুলিশ বক্সের সামনে বোমা উদ্ধারের ঘটনায় মামলা

আপডেট : ১৯ মে ২০২১, ০৭:২৫ পিএম

সিদ্ধিরগঞ্জের ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে বোমা উদ্ধারের ঘটনায় অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ফয়সাল আলম সন্ত্রাসবিরোধী আইনে এ মামলা করেন।

সোমবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে উদ্ধার হওয়া বোমাটি রোবটের সহায়তায় নিষ্ক্রিয় করে বোম্ব ডিসপোজাল ইউনিট।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ট্রাফিক পুলিশ বক্সের সামনে একটি প্লাস্টিকের ব্যাগ দেখতে পাওয়া যায়। তার ভেতর বোমাসদৃশ বস্তু ছিল। এ কারণে মহাসড়কের ওই অংশ ঘিরে রাখে পুলিশ। খবর পেয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে যায়। তারা নিশ্চিত হয়, বস্তুটি দূরনিয়ন্ত্রিত একটি বোমা। পরে রোবটের সাহায্যে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়ে বোমাটি নিষ্ক্রিয় করা হয়। পুলিশ জানায়, বোমাটি বিস্ফোরণের সময় ৩০ মিটারের ভেতরে কোনো স্থাপনা বা মানুষ থাকলে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটতে পারত।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে বোমা উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত