মৃত্যু পথযাত্রী মুসলিমকে কলেমা পড়ে শোনান হিন্দু চিকিৎসক

আপডেট : ২৩ মে ২০২১, ০৫:৫৮ পিএম

ভারতের কেরালার একটি হাসপাতালে করোনায় আক্রান্ত মৃত্যু পথযাত্রী এক মুসলিমকে কলেমা পড়ে শুনিয়ে প্রশংসায় ভাসছেন হিন্দু চিকিৎসক রেখা কৃষ্ণা।

পলাক্করের পতম্বির সেবানা হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে ভর্তি হয়েছিলেন করোনায় আক্রান্ত এক মুসলিম নারী। ওই হাসপাতালেরই চিকিৎসক রেখা কৃষ্ণা। তিনি ওই নারীর চিকিৎসা করছিলেন। আইসিইউতে ছিলেন রোগী। তবে কিছুতেই তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল না।

চিকিৎসক বুঝতে পারছিলেন ওই করোনা রোগীকে কোনোভাবেই সুস্থ করে তোলা সম্ভব নয়। স্বজনদেরও সেকথা জানিয়েছিলেন তিনি। কিন্তু করোনা আক্রান্ত হওয়ায় ওই নারীর সঙ্গে আত্মীয়দের কেউই দেখা করতে পারছিলেন না।

একদিন রেখা বুঝতে পারেন রোগীর নাড়ির স্পন্দন ধীর হচ্ছে। ঠিকমতো নিশ্বাস নিতেও পারছেন না। সেই সময় রোগীর কানের কাছে গিয়ে আস্তে আস্তে কলেমা পড়তে থাকেন ওই চিকিৎসক। রেখা দেখেন কলেমা পড়ামাত্রই রোগী গভীর শ্বাস নেন। তারপরই মৃত্যু হয় তার।

রেখা কৃষ্ণা বলেন, ‘আমার দুবাইতে বেড়ে ওঠা। তাই ইসলাম ধর্ম সম্পর্কে কমবেশি জানি।’

রেখা গালফ নিউজকে শুক্রবার ফোনে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি জানান, ৫৭ বছর বয়সী ওই নারী ১৭ দিন ভেন্টিলেটরে ছিলেন। সেখানে তার স্বজনদের প্রবেশাধিকার ছিল না।

রেখা বলেন, ‘আমি পরিকল্পনা করে কলেমা পড়িনি। হঠাৎ মনে হয়েছে তার জন্য কিছু করা উচিত। তখনই এটা পড়ি:  লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত