সৌদি আরব নিজ খরচে কোয়ারেন্টইনে থাকতে হবে: প্রতিমন্ত্রী

আপডেট : ২৬ মে ২০২১, ০৮:৩৩ পিএম

বাংলাদেশ থেকে সৌদি আরব গেলে সেই দেশের সরকারি নিয়ম অনুযায়ী কোয়ারেন্টইনে থাকতে হবে এবং সব খরচ ব্যক্তিকেই বহন করতে হবে বলে জানিয়েছেন বেসমারিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুল আলী। বুধবার বিকেলে আশুলিয়ার বিমান পোল্ট্রি ফার্ম ও পর্যটনকেন্দ্র ‘জয়’ এ কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী মাহবুল আলী আরো বলেন, বর্তমানে করোনাভাইরাসের কারণে সৌদি আরবে যেতে যাত্রীদের কিছুটা অসুবিধা হচ্ছে এবং সে জন্য আমরা আলোচনা করে যাচ্ছি যাতে দেশের শ্রমজীবি মানুষদের কষ্ট না হয়।

বিমানে যাত্রী দুর্ভোগ কম হচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এখন থেকে কোনো শ্রমজীবি মানুষ যাতে সহজে ও কম খরচে দেশের বাইরে যেতে পারে সে জন্য বিমান কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে। করোনাভাইরাসের মন্দা কাটিয়ে উঠতে সরকার পর্যটন ব্যবসাকে আরো আধুনিক করার উদ্যোগ নিয়েছে।

এ সময় প্রতিমন্ত্রী বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সব কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে আলোচনা করেন এবং সবাইকে সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন বেসমারিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান হান্নান মিয়া, বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক আবু সালেহ মোহাম্মদ মোস্তফা কামাল, পর্যটনকেন্দ্র জয়ের নির্বাহী কর্মকর্তা শাজাহান মল্লিকসহ আরো অনেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত