বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলেসহ এক পরিবারের ৩ জন নিহত

আপডেট : ২৮ মে ২০২১, ০৫:৩৯ পিএম

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলেসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শাকড়িয়াইল ইউনিয়নের জালিয়াপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন নিহত হওয়ার মর্মান্তিক এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হারুন অর রশিদ (৪৫), তার ছেলে বাবলু (১৮) ও নিহত হারুন অর রশিদের ভাতিজা বোরহান উদ্দিনের ছেলে শাদ (১০)। তারা সবাই জালিয়াপাড়া গ্রামের বাসিন্দা। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জালিয়াপাড়া গ্রামের একটি বাড়িতে বিদ্যুতের খুঁটি থেকে বাঁশের খুটি দিয়ে বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়। বিদ্যুতের তার টানানো ওই বাঁশের খুটিতে শাদ তার বাইসাইকেল রেখেছিল। দুপুর আড়াইটার দিকে শাদ বাইসাইকেলটি আনতে গেলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় শাদকে বাঁচাতে বাবলু ও হারুন অর রশিদ এগিয়ে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তিনজনকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুবকর সিদ্দিক পিপিএম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত