রাজধানীর মিরপুরে সড়ক দুর্ঘটনায় আহত বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের সাবেক যুগ্ম পরিচালক আকবর হোসেনের (৬৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার ভোর সোয়া ৬টার দিকে মিরপুর সনি সিনেমা হলের বিপরীত পাশের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতের ছেলে তৌহিদুল হাসান জানান, তাদের গ্রামের বাড়ি রংপুর জেলার পীরগাছা উপজেলার প্রতাপ জয়সেন গ্রামে। তারা বর্তমানে মিরপুর আহম্মদনগর এলাকায় ভাড়া থাকেন। তারা দুই ভাই-বোন। তার বাবা বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের সাবেক যুগ্ম পরিচালক ছিলেন। তার বাবা প্রতিদিন ভোরে হাঁটতে বের হতেন। শনিবার ভোরেও হাঁটতে বের হন তিনি। পরে জানতে পারেন সনি সিনেমা হলের বিপরীত পাশের রাস্তায় একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছেন। তাকে ওই গাড়িচালকই ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করিয়েছে। পরে হাসপাতালে গিয়ে তাকে আহত অবস্থায় দেখতে পান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া আকবর হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে ২ যুবক নিহত : হবিগঞ্জের বাহুবলে সিএনজিচালিত অটোরিকশা-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাকিল আহমেদ রামিম (২৫) ও জমিরউদ্দিন (৩৫) নামে দুই যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের নতুনবাজার সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গতকাল সকালে ৪-৫টি মোটরসাইকেলে করে ভ্রমণের উদ্দেশ্যে শ্রীমঙ্গল পাহাড়ি এলাকায় যাচ্ছিলেন কয়েকজন যুবক। পথিমধ্যে বেলা ১১টার দিকে বাহুবলের নতুনবাজারের কাছে পৌঁছালে মীরপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
