নেত্রকোনায় হাতকড়া নিয়ে পালানো আসামি গ্রেপ্তার

আপডেট : ০২ জুন ২০২১, ১২:৫৮ এএম

মদন উপজেলা থেকে নেত্রকোনা জেলা আদালতে নেওয়ার পথে অটোরিকশা থেকে হাতকড়া নিয়ে পালানো আসামি পলাশকে (১৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাত পৌনে ১১টার দিকে জেলার কেন্দুয়া উপজেলার ফিলিং স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।

মদন থানার ওসি ফেরদৌস আলম দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করে বলেন, গরু চুরি মামলাসহ পালানোর ঘটনায় আরেকটি মামলা দিয়ে পলাশকে গতকাল মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত রবিবার বিকেলে মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের খাগুরিয়া এলাকা থেকে চুরি করে আনা একটি গরুসহ পলাশকে আটক করে মদন থানা হেফাজতে দেয় স্থানীয়রা। তার বিরুদ্ধে মামলা দিয়ে সোমবার দুপুরে অটোরিকশায় করে নেত্রকোনা আদালতের উদ্দেশে রওনা দেয় পুলিশ। মুষলধারে বৃষ্টির সময় পথে উপজেলার মদন বাজার এলাকায় পুলিশকে ফাঁকি দিয়ে হাতকড়া নিয়ে পালিয়ে যায় পলাশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত