যুবদল নেতা স্বেচ্ছাসেবক লীগে প্রতিবাদে বিক্ষোভ

আপডেট : ০২ জুন ২০২১, ১২:৫৯ এএম

লক্ষ্মীপুরের চর রমণীমোহন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটিতে ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হুমায়ূনকে যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব দেওয়ায় ইউনিয়ন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন।

ওই কমিটি বাতিলের দাবিতে ইউনিয়নের নিমতলা এলাকায় বিক্ষোভ মিছিল শেষে সমাবেশের আয়োজন করেন তারা।

এ সময় বক্তব্য দেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম, মাকছুদ আলম, সদস্য মো. মনির ও ছাত্রলীগের সাবেক নেতা আবদুল মজিদ প্রমুখ।

এ সময় তারা যুবদল নেতাকে স্বেচ্ছাসেবক লীগের কমিটিতে যুগ্ম আহ্বায়ক করায় ক্ষোভ প্রকাশ করে কমিটি বাতিলের দাবি জানান।

বিক্ষোভকারীদের মধ্যে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জানান, গত ২৮ মে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করা হয়। এতে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হুমায়ূনকে স্বেচ্ছাসেবক লীগের কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়। এ ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা হতাশ। লক্ষ্মীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলাল হোসেন বেলাল বলেন, ‘আসলে এখানের নাম নিয়ে গড়বড় হয়েছে। যাকে স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটিতে রাখা হয়েছে সে যুবদল কর্মী নয়। এ ঘটনায় এলাকার নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলে আমি নেতৃবৃন্দকে কমিটি স্থগিত রাখতে বলেছি। ঢাকা থেকে এসে তারপর সিদ্ধান্ত নেব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত