ভারতে ১০ বছর আগে মৃত ব্যক্তিও নিয়েছে করোনা টিকা!

আপডেট : ০২ জুন ২০২১, ০২:৫১ পিএম

করোনা টিকা নিয়ে অদ্ভুত কাণ্ড ঘটছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে। সেখানে ফোনে মেসেজ দিয়ে নিশ্চিত করা হয়েছে মৃত ব্যক্তিও নাকি করোনার টিকা পেয়েছে। এর মাঝে মাস খানেক মৃত থেকে তিন-দশ বছর আগে প্রয়াত ব্যক্তির নামও আছে।

দেশটির গণমাধ্যম জানায়, টিকার সনদের সংগ্রহের লিংকসহ মৃত ব্যক্তিদের পরিবারের কাছে এসেছে এসএমএস! গত এক মাসে এ রকম বেশ কয়েকটি ঘটনার খোঁজ মিলেছে গুজরাটে।

ভারতে যখন টিকার ঘাটতি নিয়ে অভিযোগ উঠছে, সেই পরিস্থিতিতে এই ঘটনা নিয়ে উঠছে প্রশ্ন।

গুজরাটের রাজকোটের জেলার উপলেতার বাসিন্দা হরিদাসভাই করিঙ্গিয়া মারা যান ২০১৮ সালে। পরিবারের কাছে তার ডেথ সার্টিফিকেটও আছে। ৩ মে এক এসএমএসে জানানো হয়, হরিদাসভাইয়ের কভিড টিকাদান সম্পূর্ণ হয়েছে। এমনকি সনদও পেয়েছেন পরিবারের সদস্যরা। সেই সনদ দেখিয়ে হরিদাসভাইয়ের ভ্রাতুষ্পুত্র অরবিন্দ করিঙ্গিয়া বলেন, ‘‘আমরা বুঝতে পারছি না কী করে এটা সম্ভব হলো।”

এ রকম অবাক করা ঘটনা ঘটেছে দাহদ জেলার বাসিন্দা নরেশ দেসাইয়ের সঙ্গেও, যিনি মারা গেছেন ২০১১ সালে। কিন্তু সম্প্রতি পরিবারের কাছেও এসেছে টিকা পাওয়ার এসএমএস। দাহদের লিমদি এলাকার বাসিন্দা ৭২ বছরের মধুবেন শর্মার সঙ্গেও ঘটেছে একই ঘটনা। মধুবেন কভিডের প্রথম টিকা নিয়েছিলেন ২ মার্চ। ১৫ এপ্রিল মৃত্যু হয় তার। তবে কভিড নয়, বয়সজনিত কারণেই মৃত্যু হয়েছিল তার। সেই মধুবেন নাকি দ্বিতীয় টিকা নিয়েছেন মে মাসে, এ বার্তা এসেছে তার ছেলে নীলু শর্মার কাছে।

এখনো পর্যন্ত গুজরাটের বিভিন্ন জেলায় এ রকম ১০টিও বেশি ঘটনার সন্ধান মিলেছে। মৃতের স্বজনেরা বিষয়টি নিয়ে তদন্তের দাবি করে টিকা কেন্দ্রের সামনে বিক্ষোভও দেখান। এসেছে তদন্তের নির্দেশও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত