চুয়াডাঙ্গার ৭ গ্রামে দ্বিতীয় দিনের লকডাউন চলছে

আপডেট : ০৩ জুন ২০২১, ০২:৩৩ পিএম

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী ৭ গ্রামে দ্বিতীয় দিনের মতো লকডাউন চলছে।

গতকাল বুধবার থেকে উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের এ ৭টি গ্রামকে লকডাউন করে স্থানীয় প্রশাসন।

লকডাউনের কারণে সংক্রমিত ওই এলাকায় সব ধরনরে যাতায়াত ব্যবস্থা বন্ধ করা হয়েছে।

লকডাউনের আওতায় আনা গ্রামগুলো হল- কার্পাসডাঙ্গা ইউনিয়নের শিবনগর, হরিরামপুর, পীরপুরকুল্লা, মুন্সীপুর, কুতুবপুর, জাহাজপোতা ও হুদাপাড়া।

উপজেলা প্রশাসন এসব গ্রামের মানুষের জন্য ওষুধপথ্য ও খাদ্যসহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। এলাকাবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ করা হয়েছে।

ওই এলাকায় রয়েছে চুল প্রক্রিয়াজাতকরণের অনেকগুলো কারখানা। সেগুলো আগামী এক মাস বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মানুষের চলাচল নিয়ন্ত্রণে প্রতিটি গ্রামের প্রবেশমুখে বাঁশ ও কাঠের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে।

পুলিশ, আনসার, গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবকদের নিয়ে পাহারা বসানো হয়েছে। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিযুক্ত করা হয়েছে।

দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দিলারা রহমান জানান, সংক্রমণ বেড়ে যাওয়ায় কার্পাসডাঙ্গা ইউনিয়নের ৭টি গ্রাম চিহ্নিত করে তা লকডাউনের আওতায় আনা হয়েছে।

এ ক্ষেত্রে ওইসব সংক্রমিত এলাকায় বহিরাগত কেউ প্রবেশ করতে পারবে না একই সঙ্গে গ্রামের কেউ বাইরে বের হতে পারবে না। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ বিধিনিষেধ চলমান থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত