ময়মনসিংহের তারাকান্দায় নিখোঁজের ছয় দিন পর শাহিনুর আলম ইকবাল (১৯) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে উপজেলার কামারিয়া ইউনিয়নের পলাশকান্দা গ্রামের একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহত ইকবাল পলাশকান্দা গ্রামের আবদুর রউফের ছেলে। ইকবাল ময়মনসিংহের রুমডো পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করতেন। শনিবার পরিত্যক্ত ওই সেপটিক ট্যাংক থেকে মরদেহের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপুর ২টার দিকে মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে নিহতের পরিবার জানায়, ৩১ মে রাতে চা খাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় ইকবাল। এরপর সে আর বাড়ি ফেরেনি। পরে অনেক খোঁজাখুঁজি করেও না পাওয়া গেলে পরদিন রাতে নিখোঁজ শিক্ষার্থীর বাবা আব্দুর রওফ তারাকান্দা থানায় একটি জিডি করেন।
