ভিন্ন লুকে অপূর্ব ও রাশেদ মামুন অপু

আপডেট : ০৬ জুন ২০২১, ০৬:৫৭ পিএম

বেশ কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে অভিনেতা অপূর্বর গায়ক লুক। অপরদিকে দেখা মিলল আরেক অভিনেতা রাশেদ মামুন অপু’র অন্যরকম একটা লুক, যেটা দেখে বোঝার উপায় নেই লোকটি রাশেদ মামুন অপু। খোঁজ নিয়ে জানা গেল ছবিগুলো ‘শোকসভা’ নামের একটি নাটকের। ইশতিয়াক অয়নের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সঞ্জয় সমাদ্দার।

দেশ রূপান্তরকে পরিচালক সঞ্জয় সমাদ্দার বলেন, ‘আমরা যদি নিজেদের শোকসভা দেখতে পারতাম তাহলে দেখা যেত কে, কী আমাদেরকে নিয়ে কী ধরনের কথা বলে। শোকসভায় আমাদের নিয়ে যারা প্রশংসা করে তাদের সঙ্গে বাস্তব জীবনের সম্পর্ক অনেক সময়ই ভালো থাকে না। বাস্তব জীবনে কেমন সম্পর্ক থাকে আর শোকসভায় গিয়ে মানুষ যে ধরনের সম্পর্কের কথা বলে সেই বিষয়টায় এই নাটকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।’

গত ১লা জুন থেকে ৩ জুন পর্যন্ত নাটকটির টানা শুটিং হয়েছে। রাজধানীর উত্তরা, মিরপুর ডিওএইচএস, রাজধানী উচ্চ বিদ্যালয় মিলনায়তন সহ বেশকিছু স্পটে নাটকটির শুটিং হয়েছে।

পরিচালক জানান, নাটকটিতে অভিনেতা অপূর্বকে দেখা যাবে একজন গায়ক হিসেবে, রাশেদ মামুন অপু অভিনয় করেছেন মিউজিক ইন্ডাস্ট্রির নেতা হিসেবে, তাসনিয়া ফারিনকে দেখা যাবে অপূর্বর প্রেমিকা হিসেবে, শোকসভার উপস্থাপকের ভূমিকায় থাকবেন মৌসুমী। এছাড়াও ফরহাদ লিমনসহ আরো অনেককে দেখা যাবে।

পরিচালক আরও জানান, আসছে কোরবানীর ঈদে নাটকটি একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হওয়ার পর ইউটিউবে উন্মুক্ত করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত