আশুলিয়ায় চাঁদা না পেয়ে ঠিকাদারকে উদ্দেশ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ার অভিযোগ উঠেছে শাহিন পালোয়ান নামে এক স্থানীয় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অলি নামে একজনকে আটক করেছে পুলিশ।
রোববার (৬ জুন) বেলা ১২টার দিকে আশুলিয়ার কাঠগড়া পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে ২টার দিকে ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করে পুলিশ।
আটক অলি মানিকগঞ্জের বাসিন্দা। তিনি অভিযুক্ত আওয়ামী লীগ নেতা শাহিন পালোয়ানের দোকানের ম্যানেজার।
অভিযুক্ত শাহিন পালোয়ান আশুলিয়ার কাঠগড়া পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। তিনি আশুলিয়া ইউনিয়নের আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক।
স্থানীয়রা ও পুলিশ জানায়, সকাল থেকে কাঠগড়ার পশ্চিম পাড়া এলাকার একটি সড়কে শ্রমিকদের নিয়ে পানি নিষ্কাশনের কাজ করছিলেন ঠিকাদার বেলাল। পরে বেলা ১২টার দিকে শাহিন পালোয়ান, অলিসহ কয়েকজন সেখানে গিয়ে ঠিকাদারের কাছে চাঁদা দাবি করেন। ঠিাকদার চাঁদা না দেওয়ায় শাহিন কোমর থেকে বিদেশি পিস্তল বের করে দুই রাউন্ড গুলি করেন। ঠিকাদার বেলাল অল্পের জন্য প্রাণে বেঁচে যান। পরে স্থানীয়রা জড়ো হলে শাহিন তার দলবল নিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে ভুক্তোভোগী ফিরোজা এন্টারপ্রাইজের ঠিকাদার বেলাল বলেন, আমি কাজ করছিলাম এমন সময় তারা এসে কাজ বন্ধ করতে বলে। আমি কাজ বন্ধ না করলে শাহিন তার কোমর থেকে পিস্তল বের করে আমার উদ্দেশ্যে দুই রাউন্ড গুলি করে। আল্লাহর রহমতে আমি প্রাণে বেঁচে যাই।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ দেশ রূপান্তরকে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পরিদর্শন শেষে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় নিয়ে এসেছি। সেখানে গুলির কোনো ঘটনা ঘটেছে কি না তদন্ত করে বলা যাবে।
