বিএনপি ক্ষমতায় গেলে ‘গুম হওয়া’ নেতাকর্মীদের খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘বিএনপি গুম হওয়া প্রতিটি নেতাকর্মীকে খুঁজে বের করা হবে। একই সঙ্গে গুমের সঙ্গে যারা জড়িত তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।’ গতকাল মঙ্গলবার রাজধানীর নয়াবাজারে কোতোয়ালি ও বংশাল থানা ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে ‘গুম হওয়া’ পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করে বিভিন্ন সময় গুমের শিকার হওয়া নেতাকর্মীদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা তুলে দেন নজরুল ইসলাম খান। সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মী গুম হয়েছেন। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত বছর ডিসেম্বর পর্যন্ত সারা দেশে ৬০১ জন গুম হয়েছে। বিচারবহির্ভূত হত্যা হয়েছে ২ হাজার ৮০১ জনের। এর জবাব অবশ্যই আওয়ামী লীগকে দিতে হবে। তাদের এসব কর্মকান্ডের জবাব গুম হওয়া মানুষগুলোর পরিবার ও জাতির কাছে।’
এদিকে গুম হওয়া নেতাকর্মীদের বিষয়ে গতকাল অনুষ্ঠানে বিএনপির পররাষ্ট্রবিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, ‘আমার পুরান ঢাকা থেকেই কমপক্ষে অর্ধশতাধিক বিএনপি নেতাকর্মী গুমের শিকার হয়েছেন। তাদের অনেকেই ছিলেন তাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম। তাদের হারিয়ে ফেলে অনেক পরিবার অসহায় হয়ে পড়েছে।’
