চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে ‘সামাজিক মাধ্যমে’ বিভাগ সম্পর্কে কিছু না লিখতে বলা হয়েছে শিক্ষার্থীদের।
বুধবার বিভাগের সভাপতি আনোয়ারা বেগম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘শিক্ষার্থীরা বিভাগ সম্পর্কে কোনো মন্তব্য সামাজিক মাধ্যমে প্রকাশ করবে না। এতে বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে।’
ওই বিভাগের শিক্ষার্থীরা বলেন, ‘চার মাস হলো স্নাতকের ফল আটকে আছে। বন্ধের মধ্যে কেন ফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না? শিক্ষকদের গড়িমসি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখা যাবে না এমনটা হতে পারে না। আর সামাজিক মাধ্যম বলতে কী বোঝানো হয়েছে, সেটিও স্পষ্টভাবে বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই। যদি ধরে নেই যে, ফেইসবুকে না লেখার কথা বলা হয়েছে—তবে এটি বাক্স্বাধীনতার ওপর হস্তক্ষেপ।’
তারা বলেন, ‘কোন আইনে/নীতিমালায়/বিধিতে বিভাগ কর্তৃপক্ষ এ বিজ্ঞপ্তি দিয়েছে, তা স্পষ্ট করতে হবে। তা না হলে এ বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নিতে হবে।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক আনোয়ারা বেগম বলেন, ‘এটি কোনো নিষেধাজ্ঞা নয়। অনেক সময় বিভাগের শিক্ষার্থীরা আবেগপ্রবণ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক কিছু লিখে থাকে। এতে বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। তাই একটি সতর্কতামূলক বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।’
এ প্রসঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বর্তমান উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, ‘আমি বিজ্ঞপ্তিটি সমর্থন করি। বিশ্ববিদ্যালয় সম্পর্কে কোনো শিক্ষার্থী যদি সামাজিক যোগাযোগমাধ্যমে উল্টাপাল্টা কিছু লেখেন তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
