গাজীপুর ও সোনারগাঁয়ে পোশাককর্মীদের বিক্ষোভ

আপডেট : ১০ জুন ২০২১, ১১:৪১ পিএম

বকেয়া বেতনের দাবিতে গাজীপুর ও নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তৈরি পোশাক কারখানার কর্মীরা। এর মধ্যে গাজীপুরে স্টাইল ক্রাফট লিমিটেড নামে একটি কারখানার শ্রমিকরা গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চান্দনা চৌরাস্তা-জয়দেবপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। অন্যদিকে সোনারগাঁয়ের কাঁচপুর শিল্প এলাকার স্কয়ার গার্মেন্টস ও এর দুটি শাখার প্রায় আট হাজার শ্রমিক সঠিক সময়ে বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে গতকাল সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিক্ষোভ করে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে :

বকেয়া বেতনের দাবিতে গাজীপুর মহানগরের লক্ষ্মীপুরা এলাকায় দিনভর বিক্ষোভ ও চান্দনা চৌরাস্তা-জয়দেবপুর সড়ক অবরোধ করে রাখে স্টাইল ক্রাফট লিমিটেডের কর্মীরা। এতে ঢাকা-গাজীপুর যাতায়াতের সড়কের ওই অংশে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অবরোধের ফলে ওই সড়কে যাতায়াতকারী সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন। বিকেলে কারখানার মালিকপক্ষ কারখানায় এলে তাদের সঙ্গে প্রশাসনের মধ্যস্থতায় ফলপ্রসূ আলোচনার পর শ্রমিকরা সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অবরোধ তুলে নেয়।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক সমীর চন্দ্র সূত্রধর জানান, গতকাল সকাল ৮টার দিকে শ্রমিকরা তাদের বকেয়া বেতন ও বাৎসরিক ছুটিসহ বিভিন্ন পাওনার দাবিতে কারখানার সামনে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে সকাল সাড়ে ৯টার দিকে তারা পাশের চান্দনা চৌরাস্তা-গাজীপুর সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। এতে ওই পথে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

এদিকে সোনারগাঁয়ের কাঁচপুর শিল্প এলাকার স্কয়ার গার্মেন্টস ও এর দুটি শাখার প্রায় আট হাজার শ্রমিক সঠিক সময়ে বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে। কাজে যোগ না দিয়ে গতকাল সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গার্মেন্টসটির প্রধান ফটকের সামনে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে তারা। অবরোধ ও বিক্ষোভ চলাকালে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয় শ্রমিকরা। এ সময় ওই সড়কে চলাচলরত যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। কাঁচপুর শিল্প পুলিশ বিক্ষোভরত শ্রমিকদের ছত্রভঙ্গ করতে গেলে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। পরে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) শেখ বিল্লাল হোসেন ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের নিয়মিত বেতন পরিশোধের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খন্ড অঞ্চল) শেখ বিল্লাল হোসেন বলেন, ‘মালিকপক্ষের সঙ্গে পুলিশের পক্ষ থেকে সভা করেছি। রাতের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধ করবেন এ আশ্বাসে শ্রমিকরা অবরোধ তুলে নিয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত