পাকিস্তানে বিল পাস, আপিলের অধিকার পাচ্ছেন কুলভূষণ যাদব

আপডেট : ১১ জুন ২০২১, ০১:২১ পিএম

পাকিস্তানের জাতীয় সংসদে সরকার সমর্থিত একটি বল পাস হয়েছে, যার মাধ্যমে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করতে পারবেন দেশটিতে বন্দি থাকা ভারতীয় নাগরিক কুলভূষণ যাদব।

পাকিস্তানি গণমাধ্যম দ্য ডনে এই খবর আসার পর ভারতীয় গণমাধ্যম বলছে, পর্যালোচনা ও পুনর্বিবেচনা আইনটি পাশ করা হয়েছে আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্ত কার্যকর করার তাগিদে।

পাকিস্তান কুলভূষণ যাদবকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার পর তার বিরুদ্ধে ভারত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস বা আইসিজি-তে গেছে, সেই মামলা এখন সেখানে বিচারাধীন।

গোয়েন্দা অভিযান চালিয়ে বেলুচিস্তানের মাশকেল এলাকা থেকে ২০১৬ সালে মার্চে কুলভূষণ যাদবকে গ্রেপ্তার করা হয়। তিনি পাকিস্তানের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন বলে অভিযোগ দেশটির সেনাবাহিনীর।

পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর বলেছে, গ্রেপ্তারের পর কুলভূষণ যাদব একজন ম্যাজিস্ট্রেটের সামনে এবং আদালতে স্বীকার করেছেন, তিনি ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর হয়ে কাজ করছিলেন। বিবৃতিতে উল্লেখ করা হয়, স্বীকারোক্তিতে কুলভূষণ যাদব বলেন, পাকিস্তানে অস্থিতিশীলতা বাড়াতে করাচি ও বেলুচিস্তানে সক্রিয় ছিলেন তিনি।

পরে ২০১৭ সালের ১০ এপ্রিল কুলভূষণ যাদবকে মৃত্যুদণ্ড দেন পাকিস্তানের ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল (এফজিসিএম)। সে সময় পাকিস্তানের আইএসপিআর এক বিবৃতিতে জানায়, ‘পাকিস্তানের সামরিক আইনের (পিএএ) আওতায় এফজিসিএম ওই গুপ্তচরকে সাজা দিয়েছেন। তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

এরপর ভারত আন্তর্জাতিক আদালতের আশ্রয় নিলে সেখান থেকে বলা হয়, আইনটি পাকিস্তানের অবশ্যই পুর্নর্বিবেচনা করা উচিত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত