কুষ্টিয়ায় স্বামীর হাতুড়ি পেটায় স্ত্রীর মৃত্যুর অভিযোগ

আপডেট : ১২ জুন ২০২১, ১২:৫৭ পিএম

কুষ্টিয়ার মিরপুরে পারিবারিক কলহের জের ধরে ক্ষুব্ধ স্বামীর হাতুড়ি পেটায় গুরুতর আহত স্ত্রী পলি খাতুন (২৬) নামের গৃহবধূ ৮ দিন মৃত্যুর সঙ্গে যুদ্ধ করে মৃত্যুবরণ করেছেন বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার দুপুর ২টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে পারিবারিক সূত্রের দাবি।

নিহত পলি খাতুন মিরপুর উপজেলার খয়েরপুর গ্রামের বাসিন্দা রফিকুল ইসলামের মেয়ে এবং একই এলাকার গ্রাম পুলিশ আয়ূব আলীর ছেলে আবু বক্করের স্ত্রী।

স্থানীয় এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ২ জুন গভীর রাতে উপজেলার খয়েরপুর গ্রামের চৌকিদার আয়ুব আলীর ছেলে আবু বক্কর ঘুমন্ত অবস্থায় স্ত্রী পলি খাতুনের মাথায় উপর্যুপরি হাতুড়িপেটা করে।

এ সময় পাশে ঘুমন্ত ছেলে হামজার (৮) ঘুম ভেঙে গেলে মায়ের রক্তাক্ত অবস্থা দেখে চিৎকার শুরু করে।

চিৎকার শুনে আশপাশের প্রতিবেশী জড়ো হলে স্বামী আবু বক্কর ঘর থেকে বেড়িয়ে পালিয়ে যায়। সেখানে রক্তাক্ত জখমে গুরুতর আহত পলি খাতুনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায় এলাকাবাসী ও পরিবার।

হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক রোগীর অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন।

পরে পরিবারের লোকজন ৩ জুন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার পলি খাতুন মারা যান।

নিকটস্থ প্রতিবেশীদের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই আবু বক্কর ও পলি খাতুনের মধ্যে দাম্পত্য কলহ চলছিল।

মিরপুর থানার উপ-পুলিশ পরিদর্শক আবু সাইদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর থেকেই অভিযুক্ত আবু বক্কর পলাতক রয়েছে বলে আমরা জানতে পেরেছি।

মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা জানান, খয়েরপুর গ্রামের পলি খাতুন নামের এক গৃহবধূ স্বামীর নির্যাতনে আহত হয়ে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে বলে শুনেছি। তবে এ বিষয়ে এখনো কেউ থানায় অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত