বোয়ালমারীতে সওজের ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ

আপডেট : ১২ জুন ২০২১, ১১:২৬ পিএম

ফরিদপুর সড়ক বিভাগের তত্ত্বাবধানে ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। জেলার বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের সহস্রাইল বাজার এলাকার মাঝকান্দি-গোপালগঞ্জ সড়কে জেলা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ৫০০ মিটার ড্রেন নির্মাণে এ অভিযোগ করেছেন স্থানীয়রা।

অভিযোগ উঠেছে, ড্রেন নির্মাণে বেসমেন্ট ঢালাইয়ে সোলিংয়ের নিচে বালু না দেওয়া, নিম্নমানের ইট ব্যবহার করা, সঠিক মাপের (১২ মিলি) রড না দেওয়া, বৃষ্টির মধ্যেই কাজ চালিয়ে যাওয়া ইত্যাদি।

ফরিদপুর সড়ক বিভাগ সূত্রে জানা যায়, ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের সহস্রাইল বাজারের জলাবদ্ধতা দূরীকরণের জন্য ৫০০ মিটার দীর্ঘ ওই ড্রেনের নির্মাণকাজ করছে মেসার্স কে এম এন্টারপ্রাইজ নামে ফরিদপুর শহরের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক ও জনপথ অধিদপ্তর কাজটি বাস্তবায়ন করছে।

ড্রেন নির্মাণের বিষয়ে সহস্রাইল বাজার বণিক সমিতির সভাপতি চুন্নু বিশ^াস বলেন, শুরু থেকেই নিম্নমানের ইট দিয়ে কাজ শুরু করে ওই ঠিকাদারি প্রতিষ্ঠান। পরে বাধা দিয়ে কাজ বন্ধ করা হয়। বিষয়গুলো সংশ্লিষ্ট দপ্তর দেখছে না।

একই অভিযোগ করেন বোয়ালমারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা। তিনি বলেন,  ইটের খোয়ার ঢালাই দেওয়া হচ্ছে। আমরা এলাকাবাসী এ কাজে বাধা দিয়েছি। পরে সরকারি লোক এসে পাথরের ঢালাই দেওয়ার কথা বলে গেছে।

এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স কে এম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. সিলটন মুঠোফোনে বলেন, নিম্নমানের কাজের সুযোগ নেই। এলাকাবাসীর অভিযোগের পর পুরনো ইট বদলে নতুন ইট ব্যবহার করছি। চেষ্টা করছি সরকারি নিয়ম অনুযায়ী ভালোভাবে কাজটি করার।

ফরিদপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আবুল হোসেন বলেন, ড্রেন নির্মাণে পাথরের পরিবর্তে ইট ব্যবহারের সুযোগ নেই। স্থানীয় বাসিন্দাদের বলা হয়েছে সরকারি কাজ সঠিক উপায়ে বুঝে নেওয়ার জন্য; যাতে কোনো ধরনের অনিয়ম না হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত