হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের তান্ডবে ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন দ্রুত সংস্কার করে রেলসেবা চালুর দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব চত্বরে জেলা নাগরিক ফোরামের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন থেকে আগামী ২০ জুনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় রেলসেবা চালু না করলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
জেলা নাগরিক ফোরামের সভাপতি পীযূষ কান্তি আচার্যের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জেলা জাসদ সভাপতি আখতার হোসেন সাঈদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি ও সাধারণ সস্পাদক জাবেদ রহিম বিজন, সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মনির হোসেন, জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক রতন কান্তি দত্ত, জেলা খেলাঘর আসর সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার প্রমুখ।
