সাভারের ভাকুর্তা ইউনিয়নের হারুরিয়া এলাকায় দুই ভাইকে ছুরিকাঘাতে হত্যার ৪৬ ঘণ্টার মধ্যেই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শাহজালাল (১৯) নামে একজনকে আটক করা হয়েছে বলে জানান সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাইনুল ইসলাম।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকার বিষয়টি স্বীকার করেছেন।
পুলিশ জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রথমে দুই ভাইকে মদ পান করানো হয়। পরে তাদেরকে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরের পাটক্ষেতের মধ্যে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করা হয়।
প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের ঘটনায় ২ জনকে সম্পৃক্ততা রয়েছে বলে জানা গেছে। এর মধ্যে শাহাজালাল নামে একজনকে গ্রেপ্তার করা হলেও রবিউল নামে অন্য একজন পলাতক রয়েছে।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি সাংবাদিকদের জানান, পারিবারিক বিরোধের জের ধরেই সাভারের ভাকুর্তা ইউনিয়নের হারুরিয়া এলাকায় দুই ভাইকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।
এদের মধ্যে নিহত রায়হানের আপন ফুফাতো ভাই হলেন হত্যাকারী শাহজালাল। তিনি আগে রায়হানদের বাসায় থাকতেন। সে সময়ে বিভিন্ন পারিবারিক কারণে মনোমালিন্য হয় শাহজালাল রায়হানের বাসা থেকে অন্যত্র চলে যান এবং ক্ষোভের কারণেই রায়হানকে হত্যার পরিকল্পনা করেন।
একপর্যায়ে পূর্বপরিকল্পনা অনুযায়ী রায়হান ও তার খালাতো ভাই নাজমুলকে বাসা থেকে ডেকে নিয়ে যান শাহজালাল। পরে তার সহকর্মী রবিউলকে সাথে নিয়ে দুই ভাইকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে শাহজালালের পরিহিত প্যান্ট এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে।
এ ঘটনায় সাভার মডেল থানায় দুইজনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় প্রধান আসামি শাহজালালকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া পলাতক রবিউল কে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
