মোংলা হাসপাতালে বেড-অক্সিজেন ও সুরক্ষা সামগ্রী দিল ভারতীয় কোম্পানি

আপডেট : ১৫ জুন ২০২১, ০৩:৫৪ পিএম

করোনা মহামারির সময় জীবন রক্ষাকারী মেডিকেল সরঞ্জামাদি নিয়ে পাশে দাঁড়িয়েছে মোংলা ইপিজেডের ভারতীয় কোম্পানি ভিআইপি।

মঙ্গলবার দুপুরে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোভিড ইউনিটে ১৫টি আইসোলেশন বেড, ১৫টি অক্সিজেন সিলিন্ডার ও দুটি অক্সিজেন জেনারেটরসহ অন্যান্য সুরক্ষা সামগ্রী প্রদান করেছে প্রতিষ্ঠানটি।

কোভিড আক্রান্ত রোগীদের চিকিৎসায় তাদের এই উদ্যোগ বলে জানিয়েছেন কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক আশিষ কুমার সাহা। 

একই সঙ্গে স্থানীয় সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিতে তাদের প্রতিষ্ঠানের তৈরি বিদেশে রপ্তানিযোগ্য তিন লেয়ারের মাস্ক ও স্যানিটাইজারও বিতরণ করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার, মোংলা ইপিজেডের ডেপুটি ম্যানেজার জাহিরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (মোংলা-রামপাল সার্কেল) মো. আসিফ ইকবাল, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মলয় মল্লিক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল বাহার চৌধুরী, ভিআইপির মানবসম্পদ বিভাগের প্রধান মিজানুর রহমান খাঁন, প্লান্ট হেড শাহনেওয়াজ আলাম ও মঞ্জুর আহমেদ উপস্থিত ছিলেন। 

মোংলা ইপিজেডের লাগেজ উৎপাদনকারী ভারতীয় প্রতিষ্ঠান ভিআইপির কর্মকর্তারা বলেন, তাদের দেয়া চিকিৎসা সামগ্রী মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড ইউনিটের বর্তমান ধারণ ক্ষমতা দ্বিগুণ করবে। 

স্বাস্থ্যবিধি মেনে তাদের কারখানার কার্যক্রম পরিচালনা করে আসা এই বহুজাতিক কোম্পানি  ইপিজেড অভ্যন্তরে মেডিকেল ক্যাম্প পরিচালনার মাধ্যমে সকল শ্রমিকদের জন্য বিনা মূল্যে চিকিৎসা সেবা নিশ্চিতকরণ, বিনা মূল্যে ওষুধ সেবা প্রদান, বিনা মূল্যে মাস্ক ও স্যানিটাইজার সরবরাহসহ নানাবিধ সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বলেও জানান তারা।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত