গায়েহলুদ অনুষ্ঠান চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন বর শাজেল আহমেদ (২২) নামে এক যুবক। শুক্রবার তার বিয়ে হওয়ার কথা ছিল। মুহূর্তের মধ্যে বিয়েবাড়ির আনন্দ মুছে স্বজনদের কান্নায় আশপাশ ভারী হয়ে উঠে।
মাধবপুর উপজেলার মনতলা বাজারের মধ্য আব্দুল্লাপুর গ্রামে এ ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকালে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ওই গ্রামের কদ্দুছ ভান্ডারির একমাত্র সন্তান শাজেলের বিয়ে ঠিক হয় সুন্দ্রাবিল গ্রামের আনছব আলীর কন্যার সঙ্গে। শুক্রবার নতুন বৌ ঘরে আনার কথা। বৃহস্পতিবার সকাল ১১টায় শাজেলের গায়েহলুদের সময় বিদ্যুৎ চলে যায়। বন্ধ হয়ে যায় সাউন্ডবক্স। এ সময় শাজেল নিজেই সাউন্ডবক্সে কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎ চলে আসলে সে স্পৃষ্ট হয়। আহত অবস্থায় তাকে মাধবপুর হাসপাতালে নেয়া হলে চিকিৎসধীন অবস্থায় মারা যায়।
নিহতের চাচা রব্বানী মিয়া জানান, শাজেল মনতলা বাজারে বাবার চা-নাস্তার দোকান পরিচালনায় সহযোগিতা করত। তাদের বাড়ি বহরা ইউপি বোরহানপুর গ্রামে। ব্যবসার জন্য মনতলা মধ্য আবদুল্লাহপুর এলাকায় জনৈক তাহের মিয়ার বাড়িতে ভাড়া থাকে তার পরিবার।
