মোটরসাইকেল থেকে পড়ে আহত জাবি ছাত্রী তৃষ্ণার মৃত্যু

আপডেট : ১৭ জুন ২০২১, ১১:২৮ পিএম

মোটরসাইকেল থেকে পড়ে আহত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পদার্থবিজ্ঞান বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস তৃষ্ণার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে রাজধানীর শমরিতা হাসাপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরিবারের বরাত দিয়ে তৃষ্ণার সহপাঠীরা জানান, মঙ্গলবার বগুড়ায় মোটরসাইকেলের পেছন থেকে পড়ে আহত হয় তৃষ্ণা। এতে তার মাথায় আঘাত লাগে। পরে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসার জন্য নেয়া হয়। বুধবার উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। এরপর থেকে শমরিতা হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিল তৃষ্ণা। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

তৃষ্ণার বাবা মো. ফজলুল হক জানান, শুক্রবার জুম্মার নামাজের পর বগুড়ার সৈয়দ আহম্মদ কলেজ মাঠে জানাজা শেষে শুখানপুকুরে গ্রামের বাড়িতে তাকে দাফন করা হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় তৃষ্ণার লাশ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে আসা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এদিকে শিক্ষার্থীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। এক শোক বার্তায় তৃষ্ণার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে উপাচার্য বলেন, ‘জান্নাতুল ফেরদৌসের অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয় একজন মেধাবী ছাত্রীকে হারাল।’

এ ছাড়া ছাত্র ইউনিয়নের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদও তৃষ্ণার মৃত্যুতে শোক প্রকাশ করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত