জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ‘গুম ও আত্মগোপন’ ইস্যুতে রাষ্ট্রে বড় ধরনের সংকট সৃষ্টি হচ্ছে এবং এতে জনগণ গভীরভাবে আতঙ্কিত হয়ে পড়ছে। নিয়মিত বিরতিতে এই ধারাবাহিক ‘গুম এবং অজ্ঞাতবাসের’ নাটক মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই জাতি-রাষ্ট্রে চলতে পারে না। গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
আবু ত্ব-হাসহ চারজনের নিখোঁজ এবং প্রত্যাবর্তন প্রশ্নে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, ‘যারা প্রকৃত অর্থেই গুম হচ্ছেন তাদের সম্পর্কে সরকার নিষ্ক্রিয় এবং গুম হওয়া ব্যক্তির স্বজন বা পরিবারের আহাজারিতে সরকার ন্যূনতম প্রতিক্রিয়াও ব্যক্ত করছে না। আর যারা অজ্ঞাতবাস থেকে প্রত্যাবর্তন করছেন তাদের নিয়ে পুলিশের একতরফা বক্তব্য সংকটের নিরসন তো করছেই না বরং তা জনগণের মাঝে ক্রমাগত ভীতি ও আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে, যা কোনোক্রমেই গ্রহণযোগ্য নয়।’
