মনোহরদীতে পৌর কাউন্সিলরের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

আপডেট : ১৯ জুন ২০২১, ১১:৪৭ পিএম

নরসিংদীর মনোহরদী পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আকরাম হোসেনের বিরুদ্ধে ঝাড়ু ও জুতা মিছিল করেছে এলাকাবাসী। গতকাল শনিবার দুপুরে ওয়ার্ডের চন্দনবাড়ীর চরপাড়া এলাকায় এ মিছিল হয়।

স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার রাতে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কাজের সময় কাউন্সিলর আকরাম হোসেনকে স্থানীয়রা হাতেনাতে আটক করেন। পরে তার স্ত্রী তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যান। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরই জেরে গতকাল সকালে একই এলাকার মোহাইমিন রাতুল নামে এক স্কুলছাত্র বাড়ি ফেরার পথে কাউন্সিলর আকরাম, তার ভাই আমির হোসেন, খলিলুর রহমান ও ভাতিজা ইমন মিলে তাকে মারধর করে। এ সময় রাতুলকে ছাড়িয়ে নিতে এলে নারীসহ আরও ছয়জনকেও মারধর করেন তারা। ঘটনা শুনে এলাকাবাসী ছুটে এসে তাদের উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

কাউন্সিলর আকরাম হোসেন বলেন, পারিবারিক একটি ঝামেলা মেটানোর জন্য ওই প্রবাসীর বাবা আমাকে ফোন দিলে আমি সেখানে যাই। পরে স্থানীয় কয়েকজন যুবক মিথ্যা অপবাদ দিয়ে আমাকে ওই বাড়িতে অবরুদ্ধ করে রাখেন।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান বলেন, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত