বিভিন্ন জেলায় আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আপডেট : ২৪ জুন ২০২১, ০১:০২ এএম

২৩ জুন। বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। গতকাল বুধবার সারা দেশে দলটির ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আনন্দ র‌্যালি, কেক কাটা উৎসব, সংক্ষিপ্ত আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিল আয়োজনসহ নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে দিবসটি পালন করেন দলীয় নেতাকর্মীরা। এসব কর্মসূচিতে স্থানীয় সংসদ সদস্য, জেলা-উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিস্তারিত আমাদের নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবরে : 

টাঙ্গাইল : বাসাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি মতিয়ার রহমান গাউজের নেতৃত্বে দলীয় কার্যালয়ে ও সাবেক সভাপতি কাজী অলিদ ইসলামের নেতৃত্বে উপজেলা হলরুমে পৃথকভাবে কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য আনন্দ র‌্যালি, কেক কাটা উৎসব, সংক্ষিপ্ত আলোচনা সভা।

নোয়াখালী : নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন দলীয় নেতাকর্মীরা। গতকাল সকাল ৯টার দিকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এ ছাড়া বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও মিষ্টি বিতরণ করা হয়।

ফেনী : নানা আয়োজনের মধ্য দিয়ে ফেনীতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল সকালে শহরের রাজাঝি দিঘি পাড় এলাকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানিয়ে কর্মসূচি শুরু করেন জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নড়াইল : আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে নানা কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, দোয়া অনুষ্ঠান ও মিষ্টি বিতরণ। গতকাল সকাল ৭টার দিকে নড়াইল জেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

কিশোরগঞ্জ : গতকাল সকালে  জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। করোনার কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক  এম এ আফজাল, জেলা কৃষকলীগ সভাপতি আহম্মদ উল্লাহসহ অন্য নেতাকর্মীরা। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিকেলে কেক কাটার পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফরিদপুর : গতকাল সকালে জেলা আওয়ামী লীগের উদ্যোগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ ছাড়াও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সাতক্ষীরা : প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল সকালে সদর উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ কে ফজলুল হক।

গাজীপুর : করোনার কারণে লকডাউনের মধ্যেও সীমিত পরিসরে গতকাল সকালে শহরের দলীয় কার্যালয়ের সামনে গাজীপুর মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা, কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ময়মনসিংহ : প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে গতকাল সকালে নগরীর টাউন হল প্রাঙ্গণে জেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতারা।

এ ছাড়াও চট্টগ্রামের আনোয়ারা, বাঁশখালী, টাঙ্গাইলের মির্জাপুর, ঢাকার নবাবগঞ্জ, সাভার, দিনাজপুরের হাকিমপুর, কুমিল্লার দাউদকান্দি, চৌদ্দগ্রাম, নরসিংদীর মনোহরদী উপজেলায়ও নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত