করোনাকালে ছোট ব্যবসায়ীদের বিক্রি বাড়াতে নিজের প্রতিভার সাহায্য নিলেন বলিউড অভিনেতা সোনু সুদ। এই কঠিন সময়ে অসংখ্য মানুষের পাশে দাঁড়িয়ে ‘দেবতা’ খেতাব পাওয়া সোনুকে বৃহস্পতিবার সাইকেলে করে ডিম-রুটি বেচতে দেখা গেছে।
একটি ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি সাইকেলে চেপে বসেছেন। হাতলে ঝুলছে ছোট-বড় ব্যাগ।
সোনু বলেন ‘শপিং মল বন্ধ। আমার কাছে সব আছে। দামও কম। আমি আপনাদের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেব। কিন্তু তার জন্য একটু বেশি টাকা লাগবে কিন্তু।’
তার পরেই সাইকেল চেপে রওনা দিলেন। ভিডিওর সঙ্গে মজা করে লেখা, ‘বাড়ি গিয়ে খাবার পৌঁছে দেওয়া হয়। প্রতি ১০টা ডিমে একটি করে পাউরুটি মিলবে বিনা মূল্যে।’
কভিডের প্রথম ঢেউ থেকেই বলিউড অভিনেতা মানুষের পাশে। গত বছর হাজার হাজার শ্রমিককে লকডাউনের সময় বাড়ি পৌঁছে দিয়েছেন। অর্থ সাহায্য করেছেন দুস্থদের। স্বাস্থ্যকর্মীদের থাকার বন্দোবস্ত করে দিয়েছিলেন নিজের জুহুর হোটেলে। দ্বিতীয় ঢেউয়ের সময়ে করোনা আক্রান্ত রোগীদের জন্য অক্সিজেন, হাসপাতালের শয্যা, ওষুধ জোগাড় করে দেওয়া, সাধ্য মতো সবই করছেন সোনু।
তার বাড়ির সামনে রোজ অসহায় মানুষের ভিড় জমে। নিচে নেমে তাদের সব কথা শোনেন অভিনেতা। তার পরে সমস্যা সমাধানে নেমে পড়েন।
