বঙ্গবন্ধু এমন দেশ চান নাই: আরেফিন সিদ্দিকী

আপডেট : ২৪ জুন ২০২১, ১১:২৩ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলির সদস্য প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিকী বলেছেন, ‘রাবির একজন উপাচার্যর নির্লজ্জের আমাদের লজ্জিত করে, ব্যথিত করে, বঙ্গবন্ধু আসলে এমন দেশ দেখতে চান নাই। তিনি দুর্নীতিমুক্ত, অসাম্প্রদায়িক দেশ আমাদের উপহার দিতে চেয়েছিলেন’।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শাহজাদপুর উপজেলার সর্বজন শ্রদ্ধেয় চিকিৎসক ও শাহজাদপুর উপজেলা বঙ্গবন্ধু পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা প্রয়াত ডা. ইউনুস আলী খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু মানুষকে খুব ভালোবাসতেন। জনগণই ছিল তার শক্তির আঁধার। জনগণও তাকে খুব ভালোবাসতেন বলেই আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বঙ্গবন্ধুকে আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্ত করে এনেছেন। ভুট্টা-খানও তাকে জেলে আটকে রাখতে পারেননি। ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। তাই আমরা বুক ভরে নিশ্বাস নিতে পারছি। তিনি এ দেশকে সোনার বাংলায় পরিণত করতে চেয়েছিলেন। কিন্তু রাবির উপাচার্যর মতো গুটিকয়েক নির্লজ্জ কারণে বঙ্গবন্ধুর সোনার বাংলা আজ কলুষিত হয়ে পড়েছে’।

তিনি বলেন, ‘এদের বিরুদ্ধে এখনই সঠিক ব্যবস্থা নিতে হবে। তা না হলে পরিণতি আরো খারাপের দিকে যাবে’।

ঢাবির সাবেক এ উপাচার্য বলেন, ‘বঙ্গবন্ধু মঞ্জুরি কমিশন গঠন করে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে আলাদা স্বায়ত্তশাসন দিয়েছিলেন। এ বিল যখন জাতীয় সংসদে পাশ হয়, তার আগে আমরা বলেছিলাম, তাদের ওপর নিয়ন্ত্রণ না থাকলে তারা দুর্নীতিতে জড়িয়ে পড়তে পারে। প্রতি উত্তরে বঙ্গবন্ধু বলেছিলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমাদের আস্থা ও সম্মানের পাত্র। তাদের ওপর যাতে সচিব, মন্ত্রী ছড়ি ঘুরাতে না পারে তাই এ ব্যবস্থা নিয়েছি। তারা মেধা ও মনন দিয়ে বিশ্ববিদ্যালয় পরিচালনা করবেন। তারা আজ বঙ্গবন্ধুর সেই আস্থার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন’।

তিনি বলেন, ‘প্রয়াত আওয়ামী লীগ নেতা ডা. ইউনুস আলী খান ছিলেন বঙ্গবন্ধুর একজন পরীক্ষিত আদর্শ সৈনিক। তিনি আমৃত্যু আওয়ামী লীগের নিবেদিত প্রাণ হিসাবে কাজ করে গেছেন। এলাকার মানুষের কাছে তিনি ছিলেন, আস্থা ও ভরসার জায়গা। তাই তাকে তারা ভালোবাসতেন। শ্রদ্ধার সঙ্গে দেখতেন। তিনিও আজীবন এ এলাকার মানুষকে ভালোবেসে তাদের চিকিৎসা সেবা দিয়ে গেছেন। আমেরিকার সিটিজেন পাওয়া সত্ত্বেও তিনি এদের ছেড়ে যাননি। সব সময় সঙ্গে থেকেছেন। আওয়ামী লীগের দুর্দিনের কান্ডারি ছিলেন বলেই আজ আওয়ামী লীগ এ জায়গায় পৌঁছাতে পেরেছে’। শাহজাদপুর উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল হাইয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রওশন আলীর সঞ্চালনায় এ ভার্চুয়াল স্মরণ সভায় প্রধান আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য অধ্যাপক ড. আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের কার্যনির্বাহী সদস্য মো. মতিউর রহমান লালটু, সাবেক এমপি চয়ন ইসলাম। বক্তব্য রাখেন ডা. আব্দুল খালেক, শহিদুল ইসলাম শাহিস, আব্দুল জব্বার প্রমুখ।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়াল অংশগ্রহণ করেন, প্রয়াত ডা. ইউনুস আলী খানের মেয়ে ডা. ইউনুস আলী খান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রীতিলা খান মলি, তার মা, বোনসহ পরিবারের অন্যান্যরা।

শাহজাদপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করেন, শাহজাদপুর উপজেলা বঙ্গবন্ধু পরিষদ ও সার্বিক সহযোগিতায় ছিলেন প্রয়াত ডা. ইউনুস আলী খান ফাউন্ডেশন। এ ছাড়া দিনভর কোরআনখানি, মিলাদ মাহফিল ও দোয়া-মোনাজাত করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত